২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জায়ান্ট পান্ডা এখন আর বিলুপ্তির হুমকিতে নেই: চীন

অরণ্যে বন্য জায়ান্ট পান্ডার সংখ্যা ১,৮০০ তে দাঁড়িয়েছে এবং এই প্রাণীটি এখন আর বিলুপ্তপ্রায় নয়। পান্ডা সংরক্ষণে বহু বছরের চেষ্টার পর একথা জানিয়েছেন চীনের কর্মকর্তারা। যদিও এ নিয়ে এখনও ঝুঁকি আছে, বলছেন তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2021, 09:06 PM

Updated : 07 Apr 2022, 11:20 PM

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের সংরক্ষণ প্রচেষ্টায় পান্ডাদের বসবাসের পরিবেশের উন্নতি ঘটিয়ে এবং আবাসভূমি বাড়িয়ে তাদেরকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে পেরেছে চীন।

পান্ডাকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করলেও চীন কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে অন্যান্য দেশকে পান্ডা ধায় দেয়।

চীনের পরিবেশ মন্ত্রণালয় এই প্রথম তাদের নিজস্ব বিলুপ্তপ্রায় প্রাণীর তালিকা থেকে পান্ডার অবস্থান পরিবর্তনের ঘোষণা দিল বলে জানিয়েছে বিবিসি।

তবে এর আগে পরিবেশ সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘আইইউসিএন’ সেই ২০১৬ সালেই বিলুপ্তপ্রায়ের তালিকা থেকে পান্ডার নাম সরিয়ে এই প্রাণীকে ‘বিপন্ন’ তালিকায় যোগ করেছিল।

কিন্তু তখন চীনের কর্মকর্তারা এ পদক্ষেপের বিরোধিতা করেছিলেন। যুক্তি দেখিয়ে তারা বলেছিলেন, এর ফলে পান্ডা সংরক্ষণ প্রচেষ্টা শিথিল হয়ে পড়তে পারে বলে লোকজন ভ্রান্ত ধারণা পেতে পারে।

আর এখন ৫ বছর পর চীন স্বয়ং পান্ডাকে আর ‘বিলুপ্তপ্রায় নয়’ বলে ঘোষণা দেওয়ায় উচ্ছ্বাস দেখা গেছে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সংরক্ষণ প্রচেষ্টা যে আসলেই অর্থবহ এবং সফল হয়েছে এ ঘোষণা তা-ই প্রমাণ করেছে, বলছেন মানুষেরা।

চীনের মাইক্রোব্লগিং সাইট ‘ওয়েইবো’ তে একজন লিখেছেন, “লম্বা সময়ের কষ্টের ফল এই খবর। সংরক্ষণকারীদের জানাই অভিনন্দন।”

বাঁশগাছ চাষ করে তার পরিমাণ বাড়ানো এ প্রচেষ্টায় ইতিবাচক প্রভাব ফেলেছে, বলছেন বিশেষজ্ঞরা। পান্ডার খাদ্যাভাসের ৯৯ শতাংশই শুধুমাত্র বাঁশ।

এছাড়া, চিড়িয়াখানাগুলোতেও প্রজননের মাধ্যমে পান্ডার সংখ্যা বাড়ানোর চেষ্টা চলেছে।