আফগান–ইরান সীমান্ত ক্রসিং দখল করল তালেবান
আফগানিস্তানের সঙ্গে ইরানের একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখল করেছে তালেবান। আফগান নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন।
তালেবান যোদ্ধারা বৃহস্পতিবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ হেরাত প্রদেশ দখল করে। এই প্রদেশেই আছে ইরানের সঙ্গেকার সীমান্ত পারাপার এলাকা ‘ইসলাম কালা’।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই আফগান নিরাপত্তা কর্মকর্তা রয়টার্স বার্তা সংস্থাকে বলেছেন, ইসলাম কালা সীমান্ত ক্রসিং তালেবান যোদ্ধারা দখল করে নিয়েছে। হামলার মুখে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা-সহ কাস্টমস কর্মকর্তারা ইরানে পালিয়ে গেছেন।
ইরানের সরকারি আরবি ভাষার আল আলম টিভির খবরে বলা হয়েছে, তালেবানের হাত থেকে বাঁচতে এই আফগান কর্মকর্তারা সীমান্ত পেরিয়ে ইরানে ঢুকেছেন।
তবে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ানের দাবি, ইসলাম কালা সীমান্ত ক্রসিং এখনও আফগান সরকারের নিয়ন্ত্রণেই আছে।
রয়টার্স বার্তা সংস্থা থেকে প্রাদেশিক গভর্নর এবং পুলিশের কার্যালয়ে ফোন করা হলে কোনও সাড়া মেলেনি। অন্য এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বিনা বাধায় হেরাত প্রদেশের পাঁচ জেলা দখল করেছে তালেবান যোদ্ধারা।
গত সপ্তাহে ইরান, তাজিকিস্তান, তুর্কিমেনিস্তান, চীন ও পাকিস্তানের সঙ্গের সীমান্ত এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে তালেবান যোদ্ধারা।
আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার প্রায় শেষের পথে থাকায় দেশটিতে নিরাপত্তা বাহিনীর ওপর অভিযান জোরদার করেছে তালেবান।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ইসলাম কালা ক্রসিং “পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে।” ভিডিও ফুটেজে তালেবান বাহিনীকে সীমান্তের কাস্টমস কার্যালয়ের ছাদের আফগান পতাকা নামিয়ে ফেলতে দেখা গেছে।
তালেবানের সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে এ সপ্তাহের শুরুর দিকে আফগান নিরাপত্তা বাহিনীর ১ হাজারেরও বেশি সদস্য তাজিকিস্তানে পালিয়ে গেছে। ওই সময় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাখশানের বেশির ভাগ এলাকা দখল করে নিয়েছে তালেবান। প্রদেশটির সঙ্গে চীন ও পাকিস্তানের সীমান্ত রয়েছে।
গত ৭ জুলাই আফগানিস্তানের বাদঘিস প্রদেশের রাজধানী কালা-ই-নাউয়ে তালেবান যোদ্ধারা ঢুকে পড়ে হামলা চালানোর পর তাদের সঙ্গে তুমুল লড়াই করে আফগান বাহিনীকে শহরটি পুনর্দখল করতে হয়েছে।
বৃহস্পতিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, “সেনারা রাজধানী শহর তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। তবে শহরের উপকণ্ঠে তালেবানের বিরুদ্ধে অভিযান চলছে।”
মন্ত্রণালয় জানায়, এই অভিযানে ৬৯ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। কিন্তু বাদঘিস প্রদেশের বাকি অংশ তালেবানের দখলে রয়েছে।
