২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজারবাইজানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে কাসপিয়ান সাগরে বিস্ফোরণ

আজারবাইজানে ভয়াবহ বিস্ফোরণে প্রকম্পিত হয়েছে তেল ও গ্যাসে পরিপূর্ণ কাসপিয়ান সাগর। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে ঠাওর করা না গেলেও পরে সরকার জানিয়েছে, ‘মাড ভলক্যানো’ জেগে ওঠাতেই ঘটেছে এই বিস্ফোরণ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2021, 11:28 PM

Updated : 02 Aug 2022, 06:02 PM

তবে এই বিস্ফোরণে কোনও তেল কোম্পানির ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ হতাহতও হয়নি। বেশ কিছু সংস্থা দীর্ঘদিন ধরেই কাসপিয়ান সাগর এলাকা থেকে তেল এবং গ্যাস উত্তোলন করে আসছে।

বিবিসি জানায়, গত রোববার রাজধানী বাকু থেকে ৭৫ কিলোমিটার দূরে গ্যাসক্ষেত্র ‘উমিদের’ ১০ কিলোমিটার দূরে আচমকাই বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে চারধার।

সাগরের মাঝে জ্বলতে শুরু করে আগুন। অনলাইনে সমুদ্রের ওপর আগুনের গোলা ও ধোঁয়ার ভিডিও দেখা গেছে, বলেছেন- রাষ্ট্রীয় তেল কোম্পানি সোকারের মুখপাত্র ইব্রাহিম আহমাদোক।

 

সোমবারেও দাউ দাউ করে আগুন জ্বলেছে কাসপিয়ার সাগরের ওপর। তবে সুরক্ষিত আছে তেল ও গ্যাসের খনি। ঘটেনি কোন হতাহতের ঘটনাও, জানায় আজারবাইজানের জরুরি মন্ত্রণালয়।

‘মাড ভলক্যানো’বা ছোট কাদা আগ্নেয়গিরির কারণেই এই বিস্ফোরণ বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

ভিন্নধর্মী এই আগ্নেয়গিরি মাটির নিচে পানি, খনিজ কিংবা দাহ্য গ্যাস পরিপূর্ণ থাকে, যা অগ্ন্যুৎপাতের পর বিস্ফোরণ ঘটাতে পারে। এই আগ্নেয়গিরি থেকে বেড় হয় কাদামাটি ও গ্যাস।

সাধারন আগ্নেয়গিরির মত হলেও মাড ভলক্যানোর অগ্ন্যুৎপাতে বের হয় না লাভা। পানি অতিরিক্ত উত্তাপে গরম হয়ে গেলে সমুদ্রের তলদেশে থাকা খনিজ পাথর একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে একরকম মিশ্রণ তৈরি হয়, যা বের হয়ে আসার পরে ধরে যেতে পারে আগুন।

আগুন ঠিক কেন লাগে সে বিষয়ে সংশয় থাকলেও ধারণা করা হয়, পাথরের সঙ্গে পাথরের ধাক্কায় আগুন জ্বললে তা আশেপাশের থাকা দাহ্য গ্যাসের কারণে বিশাল আকার ধারণ করে।