২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: ইন্দোনেশিয়ায় সংক্রমণ বাড়ছে, অক্সিজেন সংকট

ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির মধ্যে বেশ কয়েকটি শহরের হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট দেখা দিযেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2021, 04:20 PM

Updated : 07 Apr 2022, 11:19 PM

এ পরিস্থিতিতে গ্যাস শিল্পকারখানাগুলোকে মেডিকেল অক্সিজেন উৎপাদনে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

দেশটির হাসপাতাগুলো জানিয়েছে, তাদের অক্সিজেন সরবরাহ প্রায় ফুরিয়ে এসেছে। এসব হাসপাতালগুলোর মধ্যে একটি জানিয়েছে, অক্সিজেন সংকটের কারণে তাদের এখানে ৬৩ জন রোগীর মৃত্যু হয়েছে।

ইন্দোনেশিয়ায় প্রতিদিন ২৫ হাজারেরও বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

ভ্রমণ বৃদ্ধি পাওয়ায় ও করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরন ছড়িয়ে পড়ে সংকট আরও গুরুতর হয়েছে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ইন্দোনেশিয়ায়। এখানে শনাক্ত মোট রোগীর সংখ্যা প্রায় ২৩ লাখ আর এদের মধ্যে ৬০ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে।

তবে রাজধানী জাকার্তার বাইরে পর্যাপ্ত পরীক্ষা না হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি হবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

পরিস্থিতি সামাল দিতে দেশটির মূল দ্বীপ জাভায় লকডাউন জারি করা হয়েছে, পাশাপাশি গত সপ্তাহ থেকে পর্যটন দ্বীপ বালিতেও এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সোমবার বানডুংয়ের দুটি হাসপাতাল তাদের অক্সিজেনের মজুদ ফুরিয়ে গেছে আর এ কারণে জরুরি চিকিৎসার জন্য আসা নতুন রোগী আর ভর্তি নিচ্ছে না বলে ঘোষণা করেছে

শনি ও রোববার বানডুং, সুরাকার্তা ও পামেকাসান শহরের সরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগ ও ইনটেনসিভ কেয়ার ইউনিটগুলো জানায়, তারা রোগীর ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে।

কয়েকটি হাসপাতাল রোগীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে, অন্যরা মূল ভবনের বাইরে তাঁবু খাটিয়ে অতিরিক্ত রোগী ভর্তির ব্যবস্থা করেছে। 

“এটি যুদ্ধের মতো জরুরি অবস্থা,” বিবিসির ইন্দোনেশিয়া বিভাগকে বলেছেন‍ নিজের বৃদ্ধা মাকে হাসপাতালে ভর্তি করতে আসা এক নারী। শয্যা না থাকায় একটি হাসপাতাল ফিরিয়ে দেওয়ার পর মাকে নিয়ে আরেক হাসপাতালের অস্থায়ী তাঁবুতে ভর্তি করাতে পেরেছেন তিনি।  

বানডুংয়ের রিজিওনাল জেনারেল হসপিটাল (আরএসইউডি) ২ জুলাই থেকে কোভিড রোগীর জন্য হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ করে দিয়েছে, অক্সিজেনের সংকট এর অন্যতম কারণ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সিথি নাদিয়া তিরমিজি জানিয়েছেন, তারা গ্যাস শিল্পকারখানাগুলোকে মেডিকেল অক্সিজেনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে এবং অক্সিজেন মজুদ না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।