কানাডায় তাপপ্রবাহ: ব্রিটিশ কলম্বিয়ায় বজ্রপাতে দাবানল শুরু
কানাডার পশ্চিমাঞ্চলজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহের পর বজ্রপাতে ১৩০টিরও বেশি দাবানল শুরু হয়েছে।
কানাডার কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ায় দাবানলের বিরুদ্ধে লড়াইরত জরুরি কর্মীদের সহায়তার জন্য সামরিক বিমান পাঠাবে তারা।
মঙ্গলবার প্রদেশটির লাইটন গ্রামে তাপমাত্রা ৪৯ দশমিক ছয় ডিগ্রি উঠেছিল, যা এ পর্যন্ত কানাডার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দাবানলে গ্রামটি ধ্বংস হয়ে গেছে। বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
বিবিসি জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ভ্যাঙ্কুভার শহর থেকে প্রায় ২৬০ কিলোমিটার উত্তরপূর্বের গ্রামটির প্রায় আড়াইশ বাসিন্দাকে তাদের জিনিসপত্র ছাড়াই এলাকা ছাড়তে হয়েছে।
মেয়র জান পোল্ডারম্যান বিবিসিকে বলেন, “প্রায় ১৫ মিনিটের মধ্যে পুরো এলাকাটিতে আগুন ছড়িয়ে পড়ে।”
সাম্প্রতিক দিনগুলোতে উত্তর আমেরিকার বিস্তৃত এলাকায় অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহের মতো চরম আবহাওয়ার ঘটনাগুলো বৃদ্ধি পাবে বলে ধারণা বিশেষজ্ঞদের।
শুক্রবার ব্রিটিশ কলম্বিয়া দাবানল পরিষেবা বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার প্রদেশজুড়ে প্রায় ১২ হাজার বজ্রপাত হওয়ার পর ১৩৬টি দাবানল শুরু হয়। তাদের ঘরবাড়ি ছাড়তে হতে পারে বলে কয়েকশত লোককে সতর্ক করা হয়েছে।
কানাডার প্রতিরক্ষামন্ত্রী হারজিৎ সজ্জন জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণ করতে ও আগুনের হুমকি মুখে থাকা লোকজনকে সরিয়ে নিতে সরকার সামরিক হেলিকপ্টার ও জরুরি কর্মীসহ বিভিন্ন সহায়তা দেবে।
দাবানলের কারণে ওই এলাকার বেশ কয়েকটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশটির জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ার জানিয়েছেন, আবহাওয়া ও দাবানল ব্রিটিশ কলম্বিয়ায় ‘ধ্বংসাত্মক’ ও ‘নজিরবিহীন’ প্রভাব ফেলছে।
“এই দাবানলগুলো দেখাচ্ছে যে আমরা একটি দীর্ঘ ও চ্যালেঞ্জিং গ্রীষ্মের প্রাথমিক পর্যায়ে রয়েছি,” বলেছেন তিনি।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে ৭১৯ জনের হঠাৎ মৃত্যুতে সম্ভবত তীব্র গরমের একটা ভূমিকা ছিল।
কানাডার উপকূলীয় এলাকাগুলোতে তাপমাত্রা কিছুটা কমলেও ভেতরের দিকে তেমন একটা কমেনি।
শনি ও রোববার দাবানলের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছে ব্রিটিশ কলম্বিয়ার দাবানল পরিষেবা বিভাগ।
