২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: যাত্রী আগমন অর্ধেক কমানো, হোম কোয়ারেন্টিনের ভাবনা অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক ফ্লাইটে আসা যাত্রীর সংখ্যা অর্ধেক কমানোর সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি টিকা নেওয়া আন্তর্জাতিক যাত্রীদের হোম কোয়ারেন্টিনের ব্যবস্থা করারও চিন্তা করছে অস্ট্রেলিয়া সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2021, 07:13 PM

Updated : 07 Apr 2022, 11:18 PM

করোনাভাইরাস মোকাবেলায় জারি থাকা নিয়মবিধির আওতায় অস্ট্রেলিয়ার সীমানা অতিক্রম করতে পারে শুধু ঐ দেশের নাগরিক এবং ছাড় আছে এমন বিদেশি নাগরিকরা।

বিবিসি জানায়, আগামী ১৪ জুলাই থেকে সপ্তাহে কেবল তিন হাজার মানুষকে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হবে। এই নিয়ম আগামী বছর পর্যন্ত চালু রাখা হতে পারে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, আন্তর্জাতিক ফ্লাইটে আসা যাত্রীদের সংখ্যা ততদিন পর্যন্ত সীমিত রাখা হবে যতদিন পর্যন্ত না বেশিরভাগ অস্ট্রেলীয়র টিকাদান সম্পন্ন হচ্ছে।

একইসঙ্গে টিকা দেওয়া ভ্রমণকারীদের হোম কোয়ারেন্টিনে রাখার ট্রায়ালও অস্ট্রেলিয়া শুরু করবে। টিকা দেওয়া থাকলে কেবল এক সপ্তাহের জন্য হোটেল কোয়ারেন্টিনের ব্যবস্থা করা যায় কি-না তা ভেবে দেখছে অস্ট্রেলিয়া সরকার।

বর্তমান নিয়মে বিদেশ থেকে অস্ট্রেলিয়ায় গেলে টিকা নেওয়া বা না নেওয়া সবাইকে ১৪ দিনের হোটেল কোয়ারেন্টিনে থাকতে হয়। আর এখন করোনাভাইরাসের ডেল্টা ধরন নিয়ে উদ্বেগের কারণে নতুন পরিকল্পনার আওতায় আন্তর্জাতিক যাত্রী আগমনও কমানোর সিদ্ধান্ত হয়েছে।

সরকারের নতুন এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বিদেশে অবস্থানরত হাজারো অস্ট্রেলীয় নাগরিক। তবে প্রধানমন্ত্রী স্কট মরিসন মনে করেন, এই নীতি অনুসরণ করলে দেশের চলমান কোয়ারেন্টিন পদ্ধতির উপর চাপ কমবে।

বিদেশ থেকে আসা সবার জন্য বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে হোটেল থেকে ছড়িয়ে যায় ভাইরাস, তাই দুই ডোজ টিকাপ্রাপ্তদের জন্য বাড়িতে কোয়ারেন্টিন ব্যবস্থা শুরু করছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক যাত্রী আগমন কমলে কোয়ারেন্টিন ব্যবস্থা তুলনামূলকভাবে সহজে পরিচালনা করা যাবে।

করোনাভাইরাসের ডেল্টা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ার জনসংখ্যার অর্ধেকই লকডাউনে আছে। করোনাভাইরাস নির্মূল করতে দেশটি আগামী বছরের মাঝামাঝি নাগাদ অধিকাংশ নাগরিককে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে। ইতোমধ্যে দেশটিতে টিকা পেয়েছে আট শতাংশ মানুষ।

সরকারের করোনাভাইরাস নির্মূল করতে নেওয়া কঠোর সীমানা নীতির জন্য ভোগান্তির মুখোমুখি হয়েছে দেশের বাইরে অবস্থান করা অস্ট্রেলীয়রা, যার কারণ চরম সমালোচনার মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

গত এপ্রিলে করোনাভাইরাসের ডেল্টা ধরনের সংক্রমণ রুখতে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া তাদের সীমানা পুরোপুরি বন্ধ করে দিলে ভারতে আটকা পড়েন প্রায় ৩৭ হাজার অস্ট্রেলীয় নাগরিক।