২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেল্টা প্লাস: বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ২০০

বিশ্বে করোনাভাইরাসের ডেল্টা ধরনেরই সামান্য বদলে যাওয়া নতুন রূপ ডেল্টা প্লাস যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ভারতসহ নানা দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2021, 09:14 PM

Updated : 10 Oct 2022, 06:03 PM

এখন পর্যন্ত শনাক্তের সংখ্যাটা প্রায় ২০০ বলে জানানো হয়েছে সিএনএন-এর এক প্রতিবেদনে।

ভারতে নতুন শঙ্কা হয়ে ওঠা এই ধরন- বি.১.৬১৭.২.১ বা এওয়াই.১- যাকে সংক্ষেপে বলা হচ্ছে ‘ডেল্টা প্লাস’, এরই মধ্যে বিশ্বের গণমাধ্যমগুলোতে শিরোনাম হয়েছে।

ভারতে ফেব্রুয়ারিতে প্রথম শনাক্ত হয়েছিল করোনাভাইরাসের ডেল্টা ধরন। আর চলতি মাসেই সেখানে অন্তত চার রাজ্যে প্রায় দুই ডজন মানুষ ডেল্টা প্লাস সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে।

যুক্তরাজ্যের ‘পাবলিক হেলথ ইংল্যান্ড’ ১১ জুনে প্রথম ডেল্টা প্লাস সংক্রমণের কথা জানিয়েছিল। কিন্তু ধারণা করা হচ্ছে, ২৬ এপ্রিল থেকেই যুক্তরাজ্যে এই ধরনের সংক্রমণ ছড়াচ্ছে।

ভারত সরকার বলছে, তারা নতুন এই ধরনটির জিনোম পরীক্ষার জন্য গ্লোবাল ডাটা সিস্টেমে নমুনা পাঠিয়েছে। সিএনএন জানায়, এখন পর্যন্ত বিশ্বের ১১টি দেশে প্রায় ২০০ মানুষের ডেল্টা প্লাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ভারতেই সংক্রমণ ধরা পড়েছে প্রায় ৩০ জনের।

করোনাভাইরাসের আলফা ও ডেল্টা ধরনের মতো অন্যান্য ধরনগুলোর চাইতে ডেল্টা প্লাস আরও বেশি সংক্রামক কিনা সেটি স্বাস্থ্য বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। তবে এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলার সময় এখনও আসেনি ।

ডেল্টা প্লাস সম্পর্কে যা জানা যাচ্ছে:

ডেল্টা ও ডেল্টা প্লাসের মধ্যে অন্যতম পার্থক্য হল, ভাইরাসের স্পাইক প্রোটিনে কে৪১৭এন নামক বাড়তি মিউটেশনের। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এই মিউটেশনটি একেবারে নতুন নয়। গত বছর মার্চে কাতারে এটি দেখা গিয়েছিল। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া বেটা ধরনেও দেখা গিয়েছিল এই মিউটেশন।

বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসের প্রায় ১৬০ টি ধরন চিহ্নিত হয়েছে। আবার ডেল্টা প্লাস ধরনটিরও অন্যান্য আরও মিউটেশন আছে বলে গত বুধবার জানিয়েছে ভারত সরকার।

ভারতে মহামারীর প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ের জন্য মূলত ডেল্টা ধরনকে দায়ী করা হচ্ছে। ডেল্টা প্লাস এরই নতুন রূপ হওয়ায় এটিকেও উদ্বেগজনক হিসেবেই ধরে নিচ্ছে ভারত সরকার। নতুন এই ধরনটি ভারতে মহামারীর তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে বলেও শঙ্কা আছে।

এই ধরন চিকিৎসায় ব্যবহৃত মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি প্রতিরোধ করতে পারে বলে মনে করা হচ্ছে। তাছাড়া, এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করতে পারে বলেও সতর্ক করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ভারত সরকারের কোভিড-১৯ জিনোম সিকোয়েন্স বডি জানায়, ডেল্টা প্লাস আগের ধরনগুলোর তুলনায় সহজে সংক্রমিত হয়, ফুসফুসের কোষকে অপেক্ষাকৃত সহজে আক্রমণ করে।

টিকার কার্যকারিতায় ডেল্টা প্লাসের কোন প্রভাব থাকবে কি না সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট ধারনা পাওয়া যায়নি। তবে টিকার কর্মক্ষমতায় ডেল্টা প্লাস নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিস্টারের একজন অধ্যাপক।

করোনাভাইরাস সাধারণত সবসময়ই রূপ পরিবর্তন করতে থাকে। অনেক ক্ষেত্রে ভাইরাস পরিবর্তিত হয়ে দুর্বলের দিকে যায়। তবে কখনও কখনও তা পুরনো ভাইরাসের চেয়ে শক্তিশালী ও বেশি সংক্রামক হয়ে দেখা দেয় এবং পরিবর্তিত রূপটি অন্য ধরনগুলো তুলনায় রোগীকে বেশি কাবু করে ফেলতে পারে।

সেদিক থেকে ডেল্টা প্লাস কতটা সংক্রামক এবং মারাত্মক হয়ে উঠতে পারে তা নির্ধারণ করতে এই ধরন নিয়ে এখনও গবেষণা চলছে।