রয়টার্স, নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে পুলিৎসার পেল কিশোরীও
যুক্তরাষ্ট্রের পুলিশ ব্যবস্থায় বর্ণ বৈষম্যের ওপর সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে পুলিৎসার পুরস্কার পেয়েছে দ্য মিনিয়াপলিস স্টার ট্রিবিউন, বার্তাসংস্থা রয়টার্স ও দ্য আটলান্টিক। কোভিড-১৯ মহামারী নিয়ে ধারাবাহিক সংবাদ প্রচারের জন্য পুরস্কৃত করা হয়েছে নিউ ইয়র্ক টাইমসকে। শুক্রবার এই পুরস্কার ঘোষণা করা হয়।
এছাড়া শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার ভিডিও ধারণকারী পথচারী কিশোরী ডারনেলা ফ্রেজিয়ারকে পুরস্কৃত করা হয়েছে ‘বিশেষ’ বিভাগে।
যুক্তরাষ্ট্রের সাবাদিকতায় সবচেয়ে সম্মানজনক পুরস্কার পুলিৎসার। ১৯১৭ সাল থেকে এই পুরস্কার সাংবাদিক এবং সংবাদ মাধ্যমগুলো দেওয়া হচ্ছে। সংবাদপত্র প্রকাশক জোসেফ পুলিৎসারের উইল অনুযায়ী নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এই পুরস্কারের ব্যবস্থাপনা করে।
অনলাইনে সম্প্রচারিত পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে পুলিৎসার পর্ষদের সহসভাপতি মিনডি মারকুয়েস বলেন, “২০২০ সালে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম একটি জটিল পরিস্থিতি পার করেছে। একদিকে একটি বৈশ্বিক মহামারীর সংবাদ সংগ্রহ করা, অন্যদিকে ছিল বর্ণ বৈষম্যের বিরুদ্ধে গণজাগরণ এবং একটি তিক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচন।”
গত বছর মে মাসে যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পুলিশের নির্যাতনে নিহত হওয়ার ঘটনার তাৎক্ষণিক সংবাদ প্রকাশ করার জন্য দ্য মিনিয়াপলিস স্টারকে পুরস্কৃত করা হয়। আর বিস্তারিত ব্যাখাধর্মী সংবাদ প্রচার করে পুরস্কার ভাগাভাগি করেছে রয়টার্স এবং দ্য আটলান্টিক।
শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাউভিন হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের ঘাড় চেপে ধরেন। এতে দম বন্ধ হয়ে মারা যান ফ্লয়েড। মোবাইল ফোনসেটে ওই ঘটনার ভিডিও ধারণ করে ডারনেলা।
পুলিৎসার পর্ষদ জানিয়েছে, সাংবাদিকদের সত্য ও ন্যয়ের পথে অভিযানে নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ডারনেলার কাজের মাধ্যমে উজ্জ্বল হয়েছে।
জর্জ ফ্লয়েডের ঘটনায় যুক্তরাষ্ট্রের পুলিশ ব্যবস্থার ওপর ‘শিল্ডেড’ নামের ধারাবাহিক বিশ্লেষণধর্মী সংবাদ করায় রয়টার্সের সাংবাদিক অ্যানড্রু চুং, লরেনস হারলি, আনদ্রেয়া জানুতা, জাইমি ডডেল ও জ্যাকি বটসের নাম উল্লেখ করে পুলিৎসার পর্ষদ।
২০০৮ সাল থেকে এ নিয়ে নয় বার এই সম্মানজনক পুরস্কার জিতেছে রয়টার্স।
জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদের ছবি প্রকাশ করে ব্রেকিং নিউজ চিত্রগ্রহণ বিভাগে পুরস্কার জিতেছে অ্যাসোসিয়েটেড প্রেস। লস অ্যানজেলেস টাইমসের রবার্ট গ্রিনকে পুরস্কৃত করা হয়েছে জামিন পদ্ধতির সংস্কার ও কারাগার নিয়ে তার সম্পাদকীয় লেখার জন্য।
জনসেবা সাংবাদিকতার সম্মান দেওয়া হয়েছে নিউ ইয়র্ক টাইমসকে। পুলিৎসার পুরস্কারের ২২টি বিভাগের মধ্যে এটিকেই সবচেয়ে লোভনীয় বিবেচনা করা হয়। করোনাভাইরাস মহামারী নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদপত্রটি।
যুক্তরাষ্ট্রের বিপদজনক ট্রাক চালকদের বিষয়ে রাজ্য সরকারগুলোর ব্যবস্থাপনাগত ব্যর্থতা ফাঁস করে অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগের পুরস্কার জিতেছে দ্য বোস্টন গ্লোব।
এপ্রিলেই এই পুরস্কার ঘোষণার কথা থাকলেও মহামারীর কারণে তা পিছিয়ে শুক্রবার ঘোষণা করা হলো। বিজয়ীদের প্রত্যেকে নগদ ১৫ হাজার ডলার এবং একটি করে সনদ পাবেন।
শিল্পকলার সাতটি বিভাগে অবদানের স্বীকৃতিও ঘোষণা করেছে পুলিৎসার পর্ষদ এবং ‘দ্য নাইট ওয়াচম্যান’ উপন্যাসের জন্য ফিকশন বিভাগে পুরস্কৃত করা হয়েছে লুইস আর্ডরিচকে।
