ভারতে রাসায়নিক কারখানায় আগুন, নিহত ১৮
ভারতে মহারাষ্ট্রের পুনেতে একটি স্যানিটাইজার প্রস্তুতকারক কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অনেকে।
স্থানীয় সময় সোমবার বিকালে কারখানাটিতে আগুন ধরে যায়। স্থানীয় দমকল বিভাগ এনডিটিভিকে জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ৩৭ জন কর্মী ইউনিটের ভেতরে কাজ করছিলেন। তাদের ২০ জনকে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে। গণমাধ্যমের ছবিতে স্যানিটাইজার কারখানা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে। ভবনের ভেতর প্লাস্টিকের জিনিস প্যাকিং করার সময় আগুন লাগে বলে জানিয়েছে দমকল বিভাগ।
বার্তা সংস্থা পিটিআই-কে এক কর্মকর্তা জানান, “প্যাকেজিং সেকশনে স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত এবং চারপাশে প্লাস্টিক থাকাতে তা দ্রুত ছড়িয়ে গেছে।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইটে শ্রমিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পাঁচ মাস আগে ভারতে কোভিড টিকা কোভিশিল্ড তৈরির কারখানার ভয়াবহ আগুনের সেই স্মৃতি ফিরিয়ে এনেছে এ অগ্নিকাণ্ড।
এর আগে গত জানুয়ারিতে পুণের মঞ্জরী এলাকায় কোভিশিল্ড টিকা প্রস্তুতকারী সংস্থা ‘সেরাম ইনস্টিটউট অফ ইন্ডিয়া’-র কারখানার একটি ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় ৫ জনের মৃত্যু হয়।
