২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে কয়লাখনিতে দুর্ঘটনায় নিহত ১, নিখোঁজ ৭

চীনের হেনান প্রদেশে একটি কয়লাখনিতে দুর্ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2021, 12:36 PM

Updated : 07 Apr 2022, 11:11 PM

দুর্ঘটনায় ৭ জন নিখোঁজ বলেও শনিবার তাদের প্রতিবেদনে জানানো হয়েছে।

শুক্রবার হেনান হেবি কোল অ্যান্ড ইলেকট্রিসিটি কোম্পানি পরিচালিত একটি কয়লাখনিতে এ ‘দুর্ঘটনাজনিত বিস্ফোরণ’ ঘটে বলে সিসিটিভির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হেনান প্রদেশের কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতায় নামে।

চীনে কয়লাখনিতে প্রায়ই বিস্ফোরণের খবর পাওয়া যায়। আইন মেনে না চলায় এর আগে হেবি পরিচালিত আরেকটি খনি বন্ধ করে দেওয়া হয়েছিল; গত মাসে প্রাদেশিক সরকার খনিটি ফের চালুর অনুমোদন দেয়।

শুক্রবার চীনের গেনসু প্রদেশে রেল দুর্ঘটনায়ও ৯ শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় ভোর ৫টা ২৫ মিনিটের দিকে জিনচাং সিটিতে রেললাইন মেরামতের কাজ করার সময় দ্রুতগতির একটি ট্রেন শ্রমিকদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই ওই ৯ জন প্রাণ হারান।