আদালতের শুনানিতে সু চির আইনি সহায়তা নিয়ে আইনজীবীর উদ্বেগ
মিয়ানমারে দাপ্তরিক গোপনীয়তা আইনে সামরিক জান্তার করা মামলায় আদালতের শুনানিতে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির কোনও আইনজীবী তালিকাভুক্ত না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন সু চির শীর্ষ আইনজীবী খিং মং জ।
তিনি জানান, সু চি এবং আরও চারজনের বিরুদ্ধে করা এই মামলায় ২৩ জুন শুনানির তারিখ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু আদালতে তাদের প্রতিনিধিত্ব করার জন্য কোনও আইনজীবী তালিকাভুক্ত করা হয়নি। বরং শুনানির ঘোষণায় বলা হয়, তারা (বিবাদী) নিজেরাই নিজেদের প্রতিনিধিত্ব করবেন।
এতে উদ্বেগ প্রকাশ করে সু চির শীর্ষ আইনজীবী খিং মং জ বলেন, “আমরা চিন্তিত যে, আদালতে তাদের কোনও আইনি প্রতিনিধি থাকবেন না এবং শুনানিতে কোনও স্বচ্ছতাও থাকবে না।”
“সাধারণত নিয়মে শুনানির তারিখ দেওয়ার আগে বিবাদীদের সঙ্গে যোগাযোগ করা উচিত এবং তাদের আইনজীবীদের সঙ্গে তাদেরকে যোগাযোগের সুযোগ দেওয়াও দরকার।”
এ বিষয়ে সুপ্রিম কোর্ট বা সামরিক জান্তার মুখপাত্রের বক্তব্য রয়টার্স জানতে পারেনি। তাছাড়া, মামলাটি সরাসরি শুনানির জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়েও কোনও ব্যাখা পাওয়া যায়নি। সুপ্রিম কোর্ট রায় দিলে এর বিরুদ্ধে করা যাবে না কোন আপিলও।
সু চির বিরুদ্ধে আনা সব অভিযোগের মধ্যে সবচেয়ে গুরুতর এই গোপনীয়তা আইনে আনা অভিযোগ, যার জন্য সু চির ১৪ বছরের কারাদণ্ড হতে পারে। এর আগে কোভিড-১৯ নিয়ম ভাঙাসহ তার বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগের জন্য আদালতের মুখোমুখি হয়েছেন তিনি।
এই বছর ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে সু চি সরকারের কাছ ক্ষমতা ছিনিয়ে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। এসময় তারা সু চির বিরুদ্ধে নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ আনে।
সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে এখন পর্যন্ত জান্তা বিরোধি বিক্ষোভে অন্তত সাড়ে চার হাজার মানুষকে আটক করেছে সামরিক জান্তা।
