২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ মালয়েশিয়ার

চীনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করে মালয়েশিয়া কুয়ালা লামপুরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করছে বলে জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2021, 08:20 PM

Updated : 10 Oct 2022, 06:00 PM

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কাছে বিতর্কিত জলসীমার উপর চীনের সশস্ত্র বাহিনীর ১৬টি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের জেরে এর কারণ ব্যাখ্যায় রাষ্ট্রদূত তলবের এই পদক্ষেপ নিচ্ছে পররাষ্ট্রমন্ত্রণালয়।

বিবিসি জানায়, দক্ষিণ চীন সাগরে সোমবার ‘সন্দেহজনক’ গতিবিধি লক্ষ্য করার পর মালয়েশিয়ার কয়েকটি যুদ্ধবিমান ওই অঞ্চলে যায়।

চীনের বিমানগুলো সে সময় বর্ণিও দ্বীপে সারওয়াকের কাছে ৬০ নটিক্যাল মাইলের মধ্যে উড়ছিল এবং এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে (ইইজেড) ঢুকে পড়েছিল বলে দাবি মালয়েশিয়া বিমান বাহিনীর।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এ ঘটনাকে ‘জাতীয় সার্বভৌমত্বের উপর গুরুতর হুমকি’ বলে বর্ণনা করেছে। ওদিকে চীন বলছে, তাদের সামরিক বিমান আন্তর্জাতিক আইন মেনেই আকাশে উড়েছে।

দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর বিরোধ দীর্ঘদিনের। চীন পুরো দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করে। অন্যদিকে, মালেয়েশিয়া, ফিলিপিন্স, ব্রুনাই, তাইওয়ান এবং ভিয়েতনামও দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অংশ নিজেদের বলে দাবি করে।

সাগরের ‘নাইন-ড্যাশ লাইন’ নামে পরিচিত একটি এলাকা গত কয়েক বছর ধরে বেইজিং নিজেদের বলে দাবি করে আসছে এবং সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় কৃত্রিম দ্বীপ নির্মাণ করেছে, টহল বাড়িয়েছে বহু গুণ।

চীন দক্ষিণ চীন সাগরে তাদের সেনাটহলও অনেক বাড়িয়ে দিয়েছে। যা নিয়ে প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্র ঘোরতর আপত্তি জানাচ্ছে। এদিকে চীন বলছে, দক্ষিণ চীন সাগরে শৃঙ্খলা এবং শান্তি বজায় রাখতে তারা সেখানে টহল বাড়িয়েছে।

মালয়েশিয়ার বিমানবাহিনীর পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, চীনের বিমানগুলো ‘খুবই কৌশলগত ভাবে’ আকাশের ২৭ হাজার ফুট উপর দিয়ে এবং সারাওয়াক রাজ্যের ৬০ নটিক্যাল মাইলের ভেতর দিয়ে উড়ে গেছে।

দক্ষিণ চীন ‍সাগরে ‘সন্দেহজনক’ গতিবিধি লক্ষ্য করার পর সেখানে কী ঘটছে তা ‘স্বচক্ষে পর্যবেক্ষণ করতে’ মালয়েশিয়ার যুদ্ধবিমানগুলো লাবুয়ান বিমান ঘাঁটি থেকে সেখানে উড়ে যায়।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন হুসাইন বলেন, “চীনের বিমানগুলো মালয়েশিয়ার ‘সমুদ্র সীমায়’ প্রবেশ করেছিল। এ বিষয়ে একটি কূটনৈতিক প্রতিবাদলিপি দেওয়া হবে এবং কী কারণে মালয়েশিয়ার আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে তার ব্যাখ্যা চাওয়া হবে চীনা রাষ্ট্রদূতের কাছ থেকে।”

‘‘পররাষ্ট্র নীতির বিষয়ে মালয়েশিয়ার অবস্থান খুবই পরিষ্কার। কোনও দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক থাকার অর্থ এই নয় যে, আমরা আমাদের জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনও ধরনের সমঝোতায় যাব।”

ওদিকে, কুয়ালালামপুরে অবস্থিত চীনা দূতাবাস থেকে এ ঘটনার কারণ ব্যাখ্যায় এক বিবৃতিতে বলা হয়, চীনের বিমান বাহিনীর বিমান আকাশে যথাযথ অবস্থানেই অবাধে উড়েছে। দূতাবাসের মুখপাত্র বলেন, “প্রশিক্ষণের সময় বিমানগুলো আন্তর্জাতিক আইন মেনে চলেছে এবং অন্য দেশের আকাশসীমায়ও প্রবেশ করেনি।”

‘‘চীন এবং মালয়েশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর সম্পর্ক বিদ্যমান এবং দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ পরামর্শের মাধ্যমে চীন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় মালয়েশিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী,” বলেন তিনি।