২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: পেরুতে ‍মৃতের প্রকৃত সংখ্যা দ্বিগুণের বেশি

পেরুতে সরকারি হিসাবে কোভিড-১৯ মহামারীতে যত মানুষের মৃত্যু দেখানো হয়েছে, প্রকৃতপক্ষে তার দ্বিগুণের বেশি মানুষ মারা গেছেন বলে এক পর্যবেক্ষণে বেরিয়ে এসেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2021, 11:04 PM

Updated : 10 Oct 2022, 06:00 PM

আর সে হিসাব অনুযায়ী, বিশ্বের মধ্যে পেরুতেই এখন কোভিড-১৯ এ মাথাপিছু মৃত্যুহার সবচেয়ে বেশি বলে জানিয়েছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়।

বিবিসি জানায়, সরকারি হিসাবমতে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পেরুতে ৬৯ হাজার ৩৪২ জন মারা গেছেন। কিন্তু এক পর্যবেক্ষণে দেখা যায়, প্রকৃতপক্ষে এ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে এক লাখ ৮০ ‍হাজার ৭৬৪ জন মারা গেছে। 

পেরুর প্রধানমন্ত্রী ভিওলেতা বেরমুদেজ বলেন, পেরুর এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শেই দেশটিতে মহামারীতে মৃত্যুর সরকারি সংখ্যা বাড়ানো হয়েছে।

“আমরা বিশ্বাস করি জনগণের সামনে নতুন এ তথ্য তুলে ধরা আমাদের দায়িত্ব।”পেরুতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ানোর খবর সোমবার প্রকাশ করা হয় বলে জানিয়েছে বিবিসি।

পেরুতে কী ভুল হয়েছে?

লাতিন আমেরিকার যে দেশগুলোতে কোভিড-১৯ মহামারী মারাত্মক আঘাত হেনেছে, পেরু তার একটি। অপর্যাপ্ত স্বাস্থ্য সেবা ব্যবস্থা এবং অক্সিজেনের অভাবে সেখানে অনেক মানুষের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবমতে, সেখানে প্রায় ২০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

পেরুর মেডিকেল ফেডারেশনের প্রেসিডেন্ট গডফ্রেডো তালাভেরা বিষয়টি স্বীকারও করে নিয়েছেন। তিনি বলেন, ‘‘আমাদের স্বাস্থ্য সেবাখাতের যে অবস্থা তাতে রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব না।”

“তাছাড়া অক্সিজেনের যোগান ও আইসিইউ শয্যার জন্য সরকার থেকে কোনও সহযোগিতা করা হচ্ছে না। এই মুহূর্তে আমাদের হাতে পর্যাপ্ত টিকাও নেই। সম্মুখসারির যোদ্ধাদেরও পুনরায় সম্পূর্ণ সক্রিয় করা সম্ভব হয়নি। এসব কারণে মৃত্যুহারে আমাদের দেশের নাম তালিকার প্রথমে উঠে এসেছে।”

বিশেষজ্ঞরা বলছেন, এর বাইরে পেরুতে করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষা ব্যবস্থায়ও যথেষ্ট ঘাটতি রয়েছে। পেরুতে এখন সরকারি হিসাবে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৮০ হাজার ৭৬৪ জন। আগে এই সংখ্যা ছিল ৬৯ হা‍জার ৩৪২ জন।

মৃত্যুর নতুন যে সংখ্যা দেখা যাচ্ছে তাতে দেশটিতে প্রতি লাখে ৫০০ জনের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা মারা গেছেন। এর আগে প্রতি লাখে ৩০০ জনের মৃত্যু নিয়ে সবার উপরে ছিল হাঙ্গেরি।