২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাইব্রিড কোভিড: এক নগরীর সবাইকে পরীক্ষা করবে ভিয়েতনাম

ভিয়েতনামে সপ্তাহান্তে করোনাভাইরাসের ‘খুবই বিপজ্জনক’ হাইব্রিড ধরন শনাক্ত হওয়ার পর এর সংক্রমণ ঠেকাতে হো চি মিন শহরের প্রবল ঝুঁকিতে থাকা লোকজনসহ গণহারে সবার কোভিড পরীক্ষার উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2021, 08:49 PM

Updated : 07 Apr 2022, 11:09 PM

প্রতিদিন ১ লাখ মানুষের নমুনা পরীক্ষার মধ্য দিয়ে নগরীর ১ কোটি ৩০ লাখ মানুষকে কোভিড পরীক্ষার আওতায় আনা এবং সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা লোকজনদের অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা করার পরিকল্পনার কথা জানিয়েছেন কর্মকর্তারা।

একইসঙ্গে ৩১ মে থেকে ১৫ দিনের জন্য নগরীতে নতুন সামাজিক দূরত্ব বিধিও চালুর ঘোষণা দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে দোকানপাট, রেস্টুরেন্ট। স্থগিত রাখা হয়েছে ধর্মীয় কোনও অনুষ্ঠান। হো চি মিন সিটিতে ১০ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে পাঁচজন একসাথে জড়ো হতে পারবেন।

বিবিসি জানায়, ধর্মীয় একটি মিশন থেকে নতুন ‍গুচ্ছ সংক্রমণ ধরা পড়ার পর গণ কোভিড পরীক্ষার এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ভিয়েতনাম এতদিন সফলভাবে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করে রাখতে পারলেও গত সপ্তাহ থেকে আবার সংক্রমণ বাড়তে শুরু করেছে।

সপ্তাহ শেষে কর্মকর্তারা ভিয়েতনামে ভারত ও যুক্তরাজ্যের করোনাভাইরাসের ধরনের সংমিশ্রণে একটি ‘খুবই বিপজ্জনক’ নতুন হাইব্রিড ধরন দেখা দেওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। বাতাসে এই ধরন খুব সহজে ছড়ায় বলে জানিয়েছে দেশটির সরকার।

ভিয়েতনামে এখন পর্যন্ত ৭ হাজারের বেশি মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মারা গেছে ৪৭ জন। কিন্তু সম্প্রতি সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির মোট শনাক্তের অর্ধেকের বেশি মানুষই এখন কোভিড আক্রান্ত হচ্ছে।

হো চি মিন সিটিতে সম্প্রতি একটি খ্রিস্টান ধর্মীয় মিশন থেকে সংক্রমণ ছড়িয়েছে। অন্তত ১২৫ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এই সংক্রমিতদের সংস্পর্শে যারা এসেছিল তাদেরও এরই মধ্যে পরীক্ষা করা হয়েছে এবং লকডাউনে রাখা হয়েছে।