২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার নির্বাচনে ৯৫% ভোট পেয়ে জয় আসাদের

সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন বাশার আল-আসাদ ৯৫ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2021, 01:39 PM

Updated : 07 Apr 2022, 11:09 PM

এ জয়ের মাধ্যমে তিনি চতুর্থ মেয়াদে দেশ পরিচালনার সুযোগ পেলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

যুদ্ধবিধ্বস্ত দেশটির এবারের নির্বাচন ও তাতে আসাদের জয়কে বিরোধীরা ও পশ্চিমা দেশগুলো ‘প্রহসন’ অ্যাখ্যা দিয়েছে।

বৃহস্পতিবার সিরিয়ার পার্লামেন্টের প্রধান হামুদা সাবাগ এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ফল ঘোষণা করেন।

নির্বাচনে মোট ভোটারের ৭৮ শতাংশের কাছাকাছি তাদের রায় জানিয়েছেন, বলেছেন তিনি।

আগের দিন বুধবার আসাদ সরকার বলেছিল, দশককালের সংঘাত সত্ত্বেও সিরিয়ার রাষ্ট্রীয় কার্যক্রম যে স্বাভাবিকভাবেই চলছে, এবারের নির্বাচনই তার প্রমাণ।

মধ্যপ্রাচ্যের এ দেশটিতে কয়েক বছরের রক্তক্ষয়ী সংঘর্ষে লাখো মানুষ প্রাণ হারিয়েছে; ঘরবাড়ি হারিয়েছেন এক কোটি ১০ লাখের বেশি নাগরিক, যা দেশটির মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।

জাতিসংঘ নেতৃত্বাধীন একটি শান্তি প্রক্রিয়া চলার মধ্যেই দেশটিতে এবারের প্রেসিডেন্ট নির্বাচন হল। 

নতুন একটি সংবিধান ও রাজনৈতিক সমঝোতার দুয়ার খুলে দিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অধীনে সিরিয়ায় ভোট করতে চেয়েছিল জাতিসংঘ। তাকে পাশ কাটিয়েই আসাদ নির্বাচন দেন ও তাতে জয়লাভ করেন।

নির্বাচনের প্রাক্কালে ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে আসাদের সমালোচনা করেছিলেন। নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু হবে না বলেও শঙ্কা প্রকাশ করেছিলেন তারা।

আসাদবিরোধী হিসেবে পরিচিত তুরস্কও এ নির্বাচকে ‘অবৈধ’ অ্যাখ্যা দিয়েছে।

বৃহস্পতিবার ঘোষিত নির্বাচনের ফল ৫৫ বছর বয়সী আসাদকে আরও ৭ বছর সিরিয়া শাসনের সুযোগ করে দিল। ২০০০ সালে মারা যাওয়ার আগে তার বাবা হাফিজ আল আসাদও ৩০ বছর আরব এ দেশটি শাসন করেছিলেন।

এবারের নির্বাচনে আসাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন দুই অখ্যাত প্রার্থী। এদের একজন দেশটির সাবেক উপ মন্ত্রিপরিষদ মন্ত্রী আবদাল্লাহ সালৌম আবদাল্লাহ, অন্যজন একটি ছোট বিরোধীদলের প্রধান আহমেদ মারি।

নির্বাচনে মারি পেয়েছেন ৩ দশমিক ৩ শতাংশ ভোট, সালৌমের বাক্সে ঢুকেছে ১ দশমিক ৫ শতাংশ।