২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক আটক নিয়ে সাফাই, পশ্চিমাদের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন বেলারুশ প্রেসিডেন্ট

সরকার সমালোচক সাংবাদিককে ধরতে উড়োজাহাজ ঘুরিয়ে মিনস্কে নামানো নিয়ে নিন্দা-সমালোচনার ঝড়ের মুখে বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো এবার তার কৃতকর্মের সাফাই দিয়ে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 May 2021, 10:08 PM

Updated : 02 Aug 2022, 05:51 PM

বুধবার লুকাশেঙ্কো বলেছেন, বিমান নামিয়ে যে সাংবাদিককে আটক করা হয়েছে তিনি এক ‘রক্তক্ষয়ী বিদ্রোহের’ পরিকল্পনা করে আসছিলেন। অভিযোগ করে লুকাশেঙ্কো বলেন, সাংবাদিক আটকের এই ঘটনা নিয়ে সোচ্চার হয়ে পশ্চিমারা তার বিরুদ্ধে হাইব্রিড লড়াই শুরু করেছে।

গত রোববার গ্রিস থেকে লিথুনিয়াগামী রায়ানএয়ারের একটি উড়োজাহাজ যুদ্ধবিমানের পাহারায় জোর করে মিনস্ক বিমানবন্দরে জরুরি অবতরণ করিয়ে নেক্সটা মেডিয়ার সাবেক সম্পাদক রায়ান প্রোতেসেভিচকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে তোলপাড় শুরু হওয়ার পর এই প্রথম বেলারুশের প্রেসিডেন্ট এর পাল্টা প্রতিক্রিয়ায় জনসম্মুখে এসব কথা বললেন।

যাত্রীবাহী উড়োজাহাজ ঘুরিয়ে নিজেদের রাজধানীতে নামাতে বেলারুশের যুদ্ধবিমান পাঠানোর এ ঘটনাকে ‘রাষ্ট্রীয় দস্যুতা’ আখ্যা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কোনও কোনও দেশের নেতা। ইইউ দেশগুলোসহ যুক্তরাষ্ট্রও বেলারুশের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং বেলারুশকে শাস্তি দিতে দেশটির আকাশসীমা বয়কট করাসহ নিষেধাজ্ঞা আরোপের মতো নানা পদক্ষেপও নিতে শুরু করেছে।

এতকিছুর পরও মাথা নেয়ানোর কোনও লক্ষণই দেখাননি বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। বরং পার্লামেন্টে তিনি বলেছেন, “আমাদের ধারণা, দেশে-বিদেশে যারা আমাদের ভাল চায় না তারা এই রাষ্ট্রটির ওপর আক্রমণ করার ধরন বদলেছে।”

পশ্চিমাদের হাইব্রিড লড়াইয়ের কথা উল্লেখ করে লুকাশেঙ্কো বলেন, “তারা বহু শেষ সীমা (রেড লাইন) অতিক্রম করে গেছে, কাণ্ডজ্ঞান এবং নৈতিকতা হারিয়েছে।” এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলেননি তিনি। তাছাড়া, আটক সাংবাদিক প্রোতেসেভিচ কী ধরনের রক্তক্ষয়ী বিদ্রোহের পরিকল্পনা করছিলেন সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি লুকাশেঙ্কো। আর বেলারুশের ওপর কোনও নিষেধাজ্ঞার কড়া জবাব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বেলারুশের আকাশ বয়কট করছে ইউরোপের বিমান সংস্থাগুলো

বেলারুশ উড়োজাহাজ নামানোয় ‘স্তম্ভিত’ বৈশ্বিক বিমান সংস্থাগুলো

বেলারুশের আকাশসীমা বর্জনের কথা ভাবছে ইইউ

‘রাষ্ট্রীয় দস্যুতা’, নতুন নিষেধাজ্ঞার মুখে বেলারুশ  

আটক সাংবাদিক প্রোতেসেভিচকে সোমবার বেলারুশের রাষ্ট্রীয় টিভিতে বিক্ষোভ আয়োজনের স্বীকারোক্তি দিতে দেখা গেছে। তবে বেলারুশের সরকার-বিরোধীরা এই স্বীকারোক্তি উড়িয়ে দিয়ে বলেছে, ভিডিওতে প্রোতেসেভিচকে দেখে তাকে নির্যাতন করা হয়েছে বলে আলামত পাওয়া গেছে। প্রোতেসেভিচের মা’ও বারবারই এমন অভিযোগ করেছেন।

পোলিশ সম্প্রচারমাধ্যম টিভিএন- এ প্রোতেসেভিচের মা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আকুল আবেদন জানিয়ে বলেছেন, “দয়া করে উঠে দাঁড়ান, সাহায্য করুন। আমি আপনাদের কাছে এই কাকুতি-মিনতি করছি, কারণ, তারা তাকে মেরে ফেলবে।”

ওই সমস্ত ভিডিওটেপ নিয়ে বেলারুশের নিন্দা জানিয়েছে জার্মানি। লুকাশেঙ্কোর বিরোধিরা বলেছেন, চাপ দিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।