বেলারুশের আকাশ বয়কট করছে ইউরোপের বিমান সংস্থাগুলো
ইউরোপের কয়েকটি দেশের এয়ারলাইন্স জানিয়েছে, বেলারুশের আকাশের ওপর দিয়ে উড়বে না তাদের ফ্লাইট।
সরকার সমালোচক এক সাংবাদিককে ধরতে বেলারুশের উড়োজাহাজ ঘুরিয়ে মিনস্কে নামতে বাধ্য করার ঘটনায় তোলপাড়ের মধ্যে দেশটির আকাশসীমা বয়কটের এই ঘোষণা এল।
বিবিসি জানায়, এয়ার ফ্রান্সসহ ইউক্রেইন, পোল্যান্ড, ফিনল্যান্ড, জার্মানি এবং স্ক্যান্ডেনেভিয়ার বিমান সংস্থাগুলোও বেলারুশের আকাশে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে।
ইউক্রেইন এবং পোল্যান্ড বেলারুশগামী এবং বেলারুশ থেকে ফেরত আসা সব ফ্লাইট বন্ধ করে দিচ্ছে বলে জানিয়েছে।
সোমবার ব্রাসেলসের বৈঠকে ২৭ জাতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলো বেলারুশের আকাশসীমা পরিহারের ডাক দিয়েছে এবং বেলরুশের ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের অঙ্গীকার করেছে।
ইইউ নেতারা ওই বৈঠকেই বিভিন্ন বিমান সংস্থাকে বেলারুশের ওপর দিয়ে বিমান চলাচল বন্ধ করতে বলেন। তাছাড়া, বেলারুশের জাতীয় এয়ারলাইন্স বেলাভিয়াকেও ইইউ’র আকাশে নিষিদ্ধ করার জন্য সদস্য দেশগুলোকে আহ্বান জানান।
এরপরই এয়ার ফ্রান্স জানিয়েছে, তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেলারুশের আকাশসীমায় ফ্লাইট বন্ধ রেখেছে। এয়ার ফ্রান্সের রয়াল ডাচ এয়ারলাইন্স গ্রুপ কেএলএম, জার্মানির লুফথানসা, ফিনিশ এয়ারলাইন্স ফিনএয়ার, স্ক্যান্ডেনেভিয়ার এসএএস এবং অন্যান্য বিমান সংস্থাগুলোও সোমবার একই ঘোষণা দিয়েছে।
সিঙ্গাপুর এয়ারলাইন্সও বলেছে, বেলারুশকে এড়াতে তারা ফ্লাইটের গতিপথ বদলাচ্ছে। ওদিকে, পোলিশ ন্যাশনাল এয়ারলাইন্স লট বলেছে, তারা বেলারুশের ওপর দিয়ে বিমান চলাচল বন্ধ করাসহ মিনস্কগামী এবং সেখান থেকে আসা সব ফ্লাইট স্থগিত করেছে। ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাদের ফ্লাইটও আর বেলারুশে যাচ্ছে না বা বেলারুশের ওপর দিয়ে উড়ছে না।
ওদিকে, বেলারুশের বেলাভিয়া এয়ারলাইন্স জানিয়েছে, তারা যুক্তরাজ্য এবং ফ্রান্সে ফ্লাইট বন্ধ করে দিচ্ছে ৩০ অক্টোবর পর্যন্ত। বেলারুশ ইইউভুক্ত দেশ না হলেও তিনটি ইউরোপীয় দেশের সঙ্গে তাদের সীমান্ত আছে। ইউরোপ এমনকী এশিয়ারও কয়েকটি দেশ থেকে আসা-যাওয়ায় বেলারুশের আকাশপথ ব্যবহার হয়।
ইউরোপের বিমান চলাচল সংস্থা ইউরোকন্ট্রোলের হিসাবমতে, প্রতিদিন প্রায় ৪শ’ ফ্লাইট বেলারুশের আকাশসীমা দিয়ে চলাচল করে। এর মধ্যে ১শ’টিই ইইউ দেশগুলোর এবং যুক্তরাজ্যের এয়ারলাইন্সের ফ্লাইট। এই ফ্লাইটগুলোকে এখন আশেপাশের দেশগুলোর আকশপথ দিয়ে চলাচল করতে বলা হয়েছে।
