ইতালিতে কেবল কার দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩
ইতালির উত্তরের লেক মাজ্জোরের কাছে পাহাড়ি এলাকায় একটি কেবল কার ছিঁড়ে পড়ে অন্তত ১৩ নিহত এবং আরো তিন জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইটি শিশু আছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্ত্রেসা-মোত্তারোন কেবল কার সার্ভিস লেক মাজ্জোর উপর দিয়ে স্ত্রেসা শহর থেকে মোত্তারোন পাহাড়ে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের পরিবহন করে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪শ মিটার উপর দিয়ে ওই কেবল কার যাতায়াত করে।
স্ত্রেসার মেয়র মারসেল্লা সেভেরিনো বলেন, ‘‘প্রচণ্ড কষ্টে আমাদের হৃদয় বিধ্বস্ত।”
দুর্ঘটনার সময় কেবল কারটি স্ত্রেসা শহর থেকে মোত্তারোন পাহাড়ের চূড়ায় যাচ্ছিল। কারটি প্রায় ২০ মিটার উপর থেকে ছিঁড়ে পড়ে এবং পাহাড়ি ঢালে কয়েকবার গড়ান দিয়ে গাছের সঙ্গে আটকে যায় বলেও জানান মেয়র।
আলপিনো রেসকিউ সার্ভিসের আরেক মুখপাত্র একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘‘দুর্ঘটনার পর গুরুতর আহত দুই শিশু এবং একজন প্রাপ্ত বয়স্ককে হেলিকপ্টারে করে তুরিনের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
কেবল কারে কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ফায়ার ব্রিগেডের মুখপাত্র লুকা কারি। তিনি বলেন, ‘‘আমাদের দল এখনো মৃতদেহ উদ্ধারের কাজ করছে। কারে ঠিক কতজন যাত্রী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।”
মাত্র কদিন আগেই কোভিড-১৯ মহামারীর কারণে আরোপ করা বিধিনিষেধ তুলে নেওয়ার পর স্ত্রেসা-মোত্তারোন কেবল কার সার্ভিস যাত্রী পরিবহন শুরু করে।
মোত্তারোন পাহাড়ের চূড়া পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।
