২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির পর আল–আকসায় ফের সংঘর্ষ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আল–আকসা মসজিদ চত্বরে নতুন করে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2021, 12:01 AM

Updated : 02 Aug 2022, 05:50 PM

শুক্রবার অধিকৃত পূর্ব জেরুজালেমের ওই মসজিদটিতে জুমার নামাজের পর এ সহিংসতা হয়। কি থেকে সংঘর্ষের সূত্রপাত হল তা জানা যায়নি।

তবে ইসরায়েলি পুলিশের ‍মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ফিলিস্তিনিদের পাথর ছুড়ে মারার জবাবে পুলিশ তাদের নিবৃত্ত করতে স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস ছুড়েছে।

গাজায় টানা ১১ দিন ধরে ইসরায়েলের বিমান হামলার পর স্থানীয় সময় শুক্রবার প্রথম প্রহরে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কিন্তু রাত পোহানোর পর প্রথম দিনটিতেই দু’পক্ষের মধ্যে আল-আকসায় সংঘর্ষের ঘটনায় পরীক্ষার মুখে পড়েছে যুদ্ধবিরতি।

পূর্ব জেরুজালেমে ইসরায়েল-ফিলিস্তিনের উত্তেজনাকর পরিবেশের মধ্যে গত ১০ মে আল আকসা মসজিদ প্রাঙ্গণে দু’পক্ষের সংঘর্ষকে ঘিরেই মূলত গাজায় সহিংসতার সূচনা হয়েছিল।

এরপর গত কয়েকদিন হামাস রকেট হামলা চালালে ঈদুল ফিতরের দিন থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাসও পাল্টা জবাব দেয়।

যুদ্ধবিরতি: গাজাজুড়ে ‘সতর্ক’ উচ্ছ্বাস

শবে কদরেও জেরুজালেমে সংঘর্ষ  

গাজায় যুদ্ধ থামাতে রাজি হল ইসরায়েল-হামাস  

২০১৪ সালের যুদ্ধের পর এই ক’টি দিনেই ইসরায়েলি হামলার সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখেছে ফিলিস্তিন। সংঘাতে শতাধিক নারী ও শিশুসহ অন্তত ২৪৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ওদিকে, গাজায় বিমান হামলা ও গোলাবর্ষণে অন্তত ২২৫ জন ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তবে হামাস তাদের কতজন যোদ্ধা হতাহত হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি।