২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় বাড়ছে কোভিড সংক্রমণ, পাশে চীন

করোনাভাইরাস মহামারীতে সবচেয়ে কঠিন স্বাস্থ্য সংকটে আছে দক্ষিণ এশিয়া। এ অঞ্চলে সবচেয়ে ভয়াবহ সংক্রমণ ছড়িয়েছে ভারত ও এর প্রতিবেশী দেশগুলোতে। আর এই বলয়ের থাকা ছোট্ট দেশ শ্রীলঙ্কা পড়েছে নাজুক অবস্থানে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2021, 09:31 PM

Updated : 02 Aug 2022, 05:50 PM

বিবিসি জানায়, গত বছর প্রতিবেশী অনেক দেশের মতো শ্রীলংকাতেও করোনাভাইরাসের প্রথম ঢেউ মৃদুই ছিল। কিন্তু কয়েক দিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণ বাড়তে শুরু করেছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।

শ্রীলংকায় এখন দৈনিক কোভিড শনাক্ত হচ্ছে প্রায় তিন হাজার জন, যা এক মাস আগের তুলনায় এক হাজার শতাংশ বেশি। আর দেশটির এই নাজুক অবস্থায় চীন তাদের পাশে থেকে নিজেদের প্রভাব বাড়ানোর সুযোগ নিচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা।

ভারতের পিঠ পিছে চীন শ্রীলংকার পাশে থেকে তাদেরকে করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছে। ওদিকে, সংক্রমণ মোকাবেলায় ফের কঠোর পদক্ষেপ নিচ্ছে শ্রীলঙ্কা।

শুক্রবার থেকে দেশটির শহরের রাস্তাগুলো আবারও নীরব হয়ে যাচ্ছে। কারণ, এদিন থেকে শ্রীলঙ্কাবাসীরা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যেতে পারবে না। ২৫ মে পর্যন্ত এ নির্দেশ জারি থাকবে।

শ্রীলংকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় কিছুটা ভাল হলেও সম্প্রতি যেভাবে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে, তাতে এ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শ্রীলংকার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ শশিকা বান্দ্রা এ ব্যাপারে বিবিসি-কে বলেন, “আমাদের এ মহামারীর প্রকোপ মোকাবেলার ক্ষমতা কম। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ততক্ষণই ভাল থাকবে, যতক্ষণ পর্যন্ত মহামারীর প্রকোপ না বাড়ে এবং এ ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে না পড়ে।”

তবে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার কারণে শ্রীলংকা সরকারের সমালোচনাও হচ্ছে। তাছাড়া, জিনোম সিকোয়েন্স যথেষ্ট না হওয়ায় করোনাভাইরাসের নতুন কোন ধরণ শ্রীলংকায় ছড়িয়েছে তাও ঠাহর করা যাচ্ছে না।

 

দেশটিতে যুক্তরাজ্যের করোনাভাইরাসের ধরনটিই ব্যাপকভাবে ছড়াচ্ছে বলে ধারণা করা হয়। তবে শ্রীলংকার ইনস্টিটিউট ফর হেলথ পলিসির নির্বাহী পরিচালক রবি রান্নান-এলিয়ার মতো স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গত এপ্রিল থেকে দেশটিতে করোনাভাইরাসের ভারতীয় ধরন বি.১.৬১৭.২ ছড়িয়ে গিয়ে থাকার সম্ভাবনা ৫০ শতাংশের বেশি।

ভারতে কোভিড সংক্রমণ হু হু করে বাড়তে থাকলেও মে’র আগ পর্যন্ত দুই দেশের মানুষের মধ্যকার ভ্রমণ, যাতায়াত বন্ধ করা হয়নি। আর এতেই উদ্বেগ আরও বেড়েছে।

এ পরিস্থিতিতে এশিয়ার এই অঞ্চলে সক্রিয় উপস্থিতি বজায় রাখা চীন শ্রীলংকাকে সাহায্য করতে এগিয়ে এসেছে। টিকা, পিপিই, মাস্ক, করোনাভাইরাস পরীক্ষার কিট দিয়ে দেশটিকে সাহায্য করছে চীন। চীনের এই প্রচেষ্টাকে বলা হচ্ছে, ‘ফেস মাস্ক’ কূটনীতি। তাছাড়া, টিকা কূটনীতি দিয়ে চীন শ্রীলংকায় তাদের প্রভাব আরও বাড়িয়ে নিচ্ছে।

শ্রীলংকাকে ১১ লাখ ডোজ সিনোফার্ম টিকা দিয়েছে চীন। বিশেষজ্ঞ রবি রান্নান-এলিয়ার মতে, শ্রীলংকার মতো দেশগুলোর পাশে এখন চীনকে দরকার। কারণ, একমাত্র চীনই এখন করোনাভাইরাস মোকাবেলায় চাহিদা অনুযায়ী বিভিন্ন সরঞ্জাম উৎপাদন করছে। সেইসঙ্গে চীন সফলভাবে করোনাভাইরাস মহামারী মোকাবেলাও করতে পেরেছে।

তিনি বলেন, “সবচেয়ে বড় ভুলটা হল, আমরা চীনের পদক্ষেপগুলো আমলে নিয়ে তাদের পদাঙ্ক অনুসরণ করিনি। আমরা ব্রিটিশদেরকে অনুসরণ করেছি। কিন্তু নিউ জিল্যান্ডের মতো দেশগুলোর দিকে তাকালে দেখবেন, তারাও চীনকেই অনুকরণ করেছে।”