২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাকারদের ৪৪ লাখ ডলার পণ দেওয়া হয়েছে, জানাল কলোনিয়াল পাইপলাইন

সাইবার হামলার শিকার যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী কলোনিয়াল পাইপলাইন হ্যাকার দল ‘ডার্কসাইড’কে ৪৪ লাখ ডলার মুক্তিপণ দিয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2021, 06:17 PM

Updated : 07 Apr 2022, 11:07 PM

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা জোসেফ ব্লন্ট ‘ওয়াল স্ট্রিট জার্নাল’কে বলেন, পরিষেবা ঠিক কতদিন বন্ধ থাকবে সেই অনিশ্চয়তায় ভুগতে না চাওয়ার কারণেই মুক্তিপণ দিতে রাজি হয়েছে কোম্পানি।

ডার্কসাইড নিয়ে কাজ করেছেন এমন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ৭ মে-তে পেমেন্টের অনুমোদন দিয়ে দিয়েছেন বলে জানান জোসেফ।

তিনি বলেন, “আমি জানি মুক্তিপণ দেওয়ার এই সিদ্ধান্ত অত্যন্ত বিতর্কিত। আমি হাল্কাভাবে সিদ্ধান্তটি নেইনি। হ্যাকারদের মতো লোকের কাছে অর্থ যেতে দেখে আমি মোটেও স্বস্তি পাইনি। কিন্তু দেশের জন্য এটা করাটাই ছিল ঠিক কাজ।”

কলোনিয়াল পাইপলাইন সপ্তাহান্তে র‌্যানসমওয়্যার সাইবার আক্রমণের শিকার হয় এবং পাঁচ দিনের জন্য তাদের পরিষেবা বন্ধ করে দেয়, যার ফলে যুক্তরাষ্ট্ জুড়ে সরবরাহে সঙ্কট দেখা দিয়েছিল।

এরপর বিটকয়েনের মাধ্যমে মুক্তিপণ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কোম্পানিটি একটি ডিক্রিপশন ব্যবস্থা পায়, যার মাধ্যমে তাদের সিস্টেমটি আনলক করে আবার চালু করা গেছে।

তবে জোসেফ ব্লন্ট জানান, কিছু কার্যপদ্ধতি পুনরুদ্ধার করতে এখনও মাসখানেক সময় লেগে যেতে পারে। ফলে কোম্পানির প্রায় এক কোটি ডলার ক্ষতি হওয়ার আশঙ্কা আছে।

হ্যাকের কারণে কোম্পানির বেশ কিছু গোপন তথ্যও ফাঁস হয়ে গেছে বলে জানিয়েছেন জোসেফ। তিনি বলেন, ‘কলোনিয়াল পাইপলাইনের মালিক ঠিক কারা তা কেউ জানত না, এবং আমরা এই গোপনীয়তায় স্বাচ্ছন্দ্য বোধ করতাম। এখন সেই তথ্য সবারই জানা।”

কলোনিয়াল পাইপলাইন প্রাথমিকভাবে বলেছিল তারা হ্যাকারদের দাবি করা মুক্তিপণ দেবে না।

কিন্তু সিএনএন, নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ এবং ওয়াল স্ট্রিট জার্নালসহ বিভিন্ন সংবাদমাধ্যম কিছদিন আগেই কোম্পানিটির মুক্তিপণ দেওয়ার বিষয়টি নিজ নিজ সূত্র উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে।

তখন কলোনিয়াল পাইপলাইন এ বিষয়ে কিছু না বললেও এবার তারা প্রথম সরাসরি পণ দেওয়ার বিষয়টি স্বীকার করল।

প্রায় নয় হাজার কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি মার্কিন পূর্ব উপকূলে সাধারণত দিনে ২৫ লাখ ব্যারেল জ্বালানি তেল বহন করে, যা ডিজেল, পেট্রোল এবং জেট ফিউয়েল হিসেবে ব্যবহৃত হয়।

সংকটে জ্বালানি তেলের দাম বাড়ার ফলে লিটার প্রতি তেলের দাম প্রায় ৮০ সেন্ট হয়েছে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৫ টাকা) যেটি ২০১৪ সালের পর সর্বোচ্চ।