২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে ফিরলে ‘জেল-জরিমানা হতে পারে অস্ট্রেলীয়দের’

সংক্রমণ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় খাবি খেতে থাকা ভারত থেকে কোনো অস্ট্রেলিয়ান যদি দেশে ফেরেন তাহলে তাকে জেল-জরিমানার মুখে পড়তে হতে পারে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2021, 03:35 PM

Updated : 07 Apr 2022, 11:03 PM

ভারত থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এসে কোয়ারেন্টিনে আছেন, এমন নাগরিকদের অনুপাত বিবেচনায় নিয়েই সাময়িক সময়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার থেকে সিদ্ধান্তটি কার্যকর হতে যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

কয়েকদিন আগে অস্ট্রেলিয়া শনাক্ত কোভিড রোগীর সংখ্যায় বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ভারত থেকে আসা সব ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা দেয়।

দেশটিতে এখন ৯ হাজারের মতো অস্ট্রেলীয় নাগরিক আছেন বলে অনুমান করা হচ্ছে; এদের মধ্যে ৬০০ জনের অবস্থান ‘ঝুঁকিপূর্ণ’ শ্রেণিতে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে এবারই প্রথম অস্ট্রেলিয়ানরা নিজ দেশে ফিরলে অপরাধী হিসেবে বিবেচিত হতে পারেন, বলছে অস্ট্রেলীয় গণমাধ্যম।

দেশটির নতুন নিয়ম অনুযায়ী, অস্ট্রেলিয়ায় নামার ১৪ দিন আগেও ভারত ছিলেন এমন নাগরিকদের সোমবার থেকে দেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। 

এই নিয়ম না মানলে সাজা হিসেবে পাঁচ বছর পর্যন্ত জেল কিংবা ৬৬ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা অথবা উভয় দণ্ডই জুটতে পারে।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন, জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং কোয়ারেন্টিন স্থাপনাগুলোতে কোভিড-১৯ এর সংখ্যা কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

১৫ মে সিদ্ধান্তটি পর্যালোচনা করে দেখা হবে, জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।