২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইস্তফা দিন মোদী' পোস্ট আটকাল ফেইসবুক, পরে ‘ভুল’ করার সাফাই

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি উঠেছিল স্যোশাল মিডিয়ায়। ফেইসবুক ছেয়ে গিয়েছিল ‘ইস্তফা দিন মোদী’ (#রিজাইন মোদী) লেখা হ্যাশট্যাগে। কিন্তু এই হ্যাশট্যাগ হঠাৎই মুছে দেয় ফেইসবুক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2021, 08:08 PM

Updated : 07 Apr 2022, 11:02 PM

এরপরই শুরু হয় তুমুল বিতর্ক। অভিযোগ ওঠে, মোদী সরকারের নির্দেশেই এ কাণ্ড করেছে ফেইসবুক। সরকারের নির্দেশে প্রতিবাদীদের কণ্ঠরোধ করা হচ্ছে বলে বিতর্কের মুখে পরে ফেইসবুক সাফাই দিয়ে জানিয়েছে, ''এ ঘটনা ভুলবশত ঘটেছে।”

ফেইসবুকের এক মুখপাত্র বলেন, “ভারত সরকারের নির্দেশে নয়, আমরা ভুলবশত সাময়িকভাবে হ্যাশট্যাগগুলো আটকে দিয়েছিলাম। তাই আবারও ব্লক প্রত্যাহার করেছি।”

ভারতের দৈনিক আনন্দবাজার জানায়, করোনাভাইরাস সঙ্কট সামাল দেওয়ার ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে মোদীকে পদত্যাগ করতে হবে বলে গত দু’দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে।

বুধবার সকাল থেকেই ফেইসবুক এবং টুইটারে জনপ্রিয় হ্যাশট্যাগের তালিকার শীর্ষে ছিল #রিজাইনমোদী। কিন্তু এদিন কয়েক ঘণ্টার জন্য ওই হ্যাশট্যাগ এবং সরকারের সমালোচনামূলক হাজার হাজার পোস্ট আটকে দেয় ফেইসবুক।

এ নিয়ে ক্ষোভ বাড়তে থাকে ভারতীয়দের। বিদেশে বসে এসব পোস্ট দেখা গেলেও ভারতে দেখা যাচ্ছিল না। এরপরই ফেইসবুকের দিকে আঙুল ওঠে। সংস্থাটি মোদী সরকারের কথায় ওঠাবসা করে বলে বিতর্ক সৃষ্টি হয়। অনেকে ফেইসবুক বাতিলের ডাক দেন।

এরপরই ভুলবশত ওইকাজ করে ফেলার সাফাই দেয় সংস্থাটি। তাছাড়া, ভারতের কেন্দ্রীয় সরকারও এরই মধ্যে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাওয়া কোনও পোস্ট বা হ্যাশট্যাগ সরানোর নির্দেশ সরকার থেকে দেওয়া হয়নি।

তবে বিতর্ক তারপরও থামছে না। কারণ, এ ধরনের কাণ্ড এই প্রথম ঘটেনি। এর আগে কোভিড সঙ্কটের জন্য কেন্দ্রকে দায়ী করে পোস্ট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের একাধিক বিশিষ্ট মানুষের টুইট তুলে নেওয়া হয়েছিল।

ওই টুইটগুলো নিষিদ্ধ করতে কেন্দ্র সরকারের দেওয়া নির্দেশমতোই টুইটার কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে বলে শোনা গিয়েছিল। চলতি বছর ফেইসবুক ও টুইটারের ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ভারত সরকার আইনও করেছে।

টুইটার সম্প্রতি কোভিড সংক্রান্ত পোস্টগুলো আটকে দিচ্ছে । তাছাড়া, চলতি বছরের শুরুর দিকে কৃষক আন্দোলন নিয়ে টুইট করায় শতাধিক টুইটার অ্যাকাউন্টও আটকে দিয়েছে তারা।