কোভিড-১৯: ব্রাজিলে মৃত্যু চার লাখ ছুঁইছুঁই
করোনাভাইরাস মহামারীতে লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলে মৃত্যুর সংখ্যা চার লাখ ছুঁইছুঁই করছে।
বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ঘণ্টায় ৩১৬৩ জনের মৃত্যুর কথা জানানোর পর সরকারি হিসাবেই মৃতের মোট সংখ্যা তিন লাখ ৯৮ হাজার ১৮৫ জনে দাঁড়িয়েছে।
মোট পাঁচ লাখ ৭০ হাজার মৃত্যু নিয়ে করোনাভাইরাস মহামারীতে মৃতের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে দৈনিক মৃত্যু হাজারেরও নিচে নেমে এসেছে। এই পরিস্থিতিতে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে দেশটি দ্রুতই যুক্তরাষ্ট্রকে ধরে ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাজিলের কোভিড-১৯ সংকট সাম্প্রতিক মাসগুলোতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সামঞ্জস্যহীন বিধিনিষেধ ও ভাইরাসের অতিমাত্রায় সংক্রামক নতুন ধরনের কারণে সংক্রমণ লাগামহীন হয়ে পড়েছে।
দেশটির চরম ডানপন্থি সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো করোনাভাইরাসের বিপদকে অবজ্ঞা করে এখন প্রবল সমালোচনার মুখে পড়েছেন। মহামারীর শুরু থেকেই মাস্ক ব্যবহারের বিরোধিতা করে আসছিলেন তিনি। লকডাউন বিরোধী অবস্থান নেওয়া এই প্রেসিডেন্ট সংক্রমণ প্রতিরোধের জন্য অপ্রমাণিত বিভিন্ন ওষুধ ব্যবহার করার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন।
গত সপ্তাহে দেশটির সরকারি বায়োমেডিকেল ইনস্টিটিউট ফিয়োক্রুজের প্রকাশ করা এক প্রতিবেদন অনুযায়ী, তরুণ ব্রাজিলিয়ানরা ক্রমবর্ধমানভাবে কোভিড-১৯ এ আক্রান্ত হচ্ছেন আর চলতি বছর এ পর্যন্ত বিশোর্ধ বয়সীদের মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি বেড়েছে।
বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৯ হাজার ৭২৬ জন নতুন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছে। এতে দেশটির মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক কোটি ৪৫ লাখ ২১ হাজার ২৮৯ জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ভারতের পর শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বে তৃতীয় স্থানে আছে ব্রাজিল।
