দাদুর জন্য অক্সিজেন চেয়ে টুইট করে মামলায় যুবক
মুমূর্ষূ দাদুর জন্য অক্সিজেন চেয়ে টুইট করেছিলেন শশাঙ্ক যাদব নামের এক যুবক। আর তারপরই মামলায় পড়লেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ।
ঘটনাটি ঘটেছে ভারতে উত্তর প্রদেশের আমেঠিতে। অভিযোগে বলা হয়েছে, “তিনি অক্সিজেন সঙ্কট নিয়ে গুজব ছড়াচ্ছেন। আতঙ্ক, উদ্বেগ সৃষ্টির অভিপ্রায় নিয়ে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে অপরাধ করছেন।”
বিবিসি জানায়, গত সোমবার ২৬ বছর বয়সী এই যুবক টুইটারে সংক্ষিপ্ত একটি পোস্টে তার অসুস্থ দাদুর জন্য অক্সিজেন চেয়ে আবেদন করেন। অভিনেতা সোনু সুদকেও ট্যাগ করেন। তবে তিনি একবারও লেখেননি যে তার দাদু করোনাভাইরাস নাকি অন্য কোনও রোগে ভুগছেন।
টুইটটি যাদবের এক বন্ধু রিটুইট করেন। এক সংবাদ মাধ্যমের সম্পাদককেও ট্যাগ করেন তিনি, যাতে দ্রুত বেশি মানুষের কাছে আবেদন পৌঁছানো যায়। সম্পাদক আমেঠির সাংসদ স্মৃতি ইরানিকে ট্যাগ করে টুইটটি রিটুইট করেন। এরপর যাদবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন স্মৃতি। স্থানীয় কর্মকর্তাদেরকেও বিষয়টি জানান তিনি।
পরে সোমবার রাতেই হার্ট অ্যাটাকে মারা যান শশাঙ্কের দাদু।কর্মকর্তারা বলছেন, তিনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন না। তার মৃত্যুকে ঘিরে পরিস্থিতি ঘোলাটেই থেকে যায়।
আমেঠির এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে বলেন, “শশাঙ্ক যাদবকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য কাজে লাগানো হয়েছিল।” আমেঠির কর্মকর্তারা বলছেন, যাদবের ‘মিথ্যা টুইট’ এর কারণে অন্যান্য মানুষ সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে।
তাই আইনানুগ ব্যবস্থাস্বরূপ যাদবের বিরুদ্ধে মঙ্গলবার রাতে অপরাধের অভিযোগ এনেছেন তারা। কোভিড নিয়ে এমনিতেই ভারতে আছে দুঃসহ উদ্বেগ। তার মধ্যে অক্সিজেন চেয়ে টুইট করে যাদব অজান্তেই উদ্বেগ আরও বাড়ানোর অপরাধে অপরাধী হলেন। বিচারে যাদবের জেলও হতে পারে।
ভারতে কোভিডে সবচেয়ে নাজেহাল রাজ্যগুলোর মধ্যে আছে উত্তর প্রদেশ। তবে রাজ্যর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেখানে করোনাভাইরাসের প্রকোপ কম করে দেখানোর চেষ্টা করছেন বলে অভিযোগ আছে।
কয়েকদিন আগেই আদিত্যনাথ দাবি করেছিলেন, তার রাজ্যে অক্সিজেনের অভাব নেই। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ ‘গুজব’ ছড়ানোর চেষ্টা করলে জাতীয় সুরক্ষা আইনে মামলা দায়ের হবে।
তাছাড়া, কোনও বিষয়ে কেউ আতঙ্ক বা ভয়ের পরিবেশ তৈরি করলে কিংবা জনমনে স্থিরতায় বিঘ্ন ঘটে এমন কোনও বিষয় গুজবের মতো ছড়িয়ে দিলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশিকা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী।
