২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: জাপানে জরুরি অবস্থা জারির আহ্বান

জাপানে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করার পর সরকারের প্রতি জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছেন রাজধানী টোকিও ও তিনটি প্রিফেকচারের গভর্নররা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2021, 05:51 PM

Updated : 07 Apr 2022, 10:35 PM

শনিবার দেশটির অর্থনীতিমন্ত্রী ইয়াশতোশি নিশিমুরা ওই গর্ভনরদের সঙ্গে সাক্ষাৎ করার পর এক ব্রিফিংয়ে বলেন, জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞরা কী বলেন সরকারের তা জানা দরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৩১ ডিসেম্বর টোকিওতে রেকর্ড এক হাজার ৩৩৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। পরদিন শুক্রবার শনাক্ত হয় ৭৮৩ জন রোগী।

৩১ ডিসেম্বর দেশব্যাপী নতুন রোগী শনাক্তের রেকর্ডও হয়েছে। এ দিন নতুন করে মোট চার হাজার ৫২০ জনের সংক্রমণ ধরা পড়ে।       

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত জাপানে শনাক্ত মোট রোগীর সংখ্যা দুই লাখ ৩৯ হাজার ৭৬ আর মৃত্যু হয়েছে তিন হাজার ৩৪২ জনের।