প্রবল ঘূর্ণিঝড়ের মুখে ফিজিতে ‘দুর্যোগ’ পরিস্থিতি ঘোষণা
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ ফিজি সম্ভাব্য বিধ্বংসী ঘূর্ণিঝড়ের মুখে ‘প্রাকৃতিক দুর্যোগ’ পরিস্থিতি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার এ ঘোষণা দিয়ে স্থানীয় সময় বিকাল ৪টা থেকে শুরু হতে যাওয়া কারফিউয়ের আগেই দেশের সব বাসিন্দাকে নিরাপদ আশ্রয়স্থলে চলে যেতে বলেছে কর্তৃপক্ষ, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় ইয়াসা রাতে ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার বাতাসের বেগ ও প্রবল বৃষ্টিসহ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপপুঞ্জটির ওপর আছড়ে পড়বে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
সবচেয়ে খারাপ আবহাওয়া পরিস্থিতি এখনও কয়েক ঘণ্টা দূরে থাকলেও ইতোমধ্যে দেশের কিছু অংশে প্রবল ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বলে ফিজির আবহাওয়া বিভাগ জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা গেছে, ভূমিধস, প্লাবন ও উপড়ে পড়া গাছে অনেকগুলো সড়ক বন্ধ হয়ে গেছে।
ফিজির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা দেশটির প্রায় ১০ লাখ বাসিন্দাকে দেশব্যাপী ১৪ ঘণ্টা কারফিউ শুরু হওয়ার আগেই নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রবল এই ঘূর্ণিঝড়টির প্রভাব কমবেশি দেশের সব অংশেই পড়বে বলে ফেইসবুকে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন তিনি।
রেকর্ডকৃত ইতিহাসে দক্ষিণ গোলার্ধের সবচেয়ে প্রবল ঘূর্ণিঝড় উইনস্টন ২০১৬ সালে ফিজিতে আঘাত হেনেছিল। ওই সময় ৪০ জন ফিজিয়ানের মৃত্যু হয়েছিল ও প্রায় লাখো মানুষ ঘরবাড়ি হারিয়েছিলেন।
এবারের ঘূর্ণিঝড় ইয়াসা ‘সহজেই সেটিকে ছাড়িয়ে যাবে’ বলে জানিয়েছেন বাইনিমারামা।
ঘূর্ণিঝড় স্থলে উঠে আসার সময় উপকূলজুড়ে ৩৩ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে এবং উপকূলীয় এলাকাগুলো পানিতে তলিয়ে যাবে বলে আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।
ঘোষিত ‘প্রাকৃতিক দুর্যোগ’ পরিস্থিতির অংশ হিসেবেই দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। দুর্যোগজনিত জরুরি অবস্থা এক মাস স্থায়ী হবে।
দেশটির ৯৫ শতাংশের বেশি লোক সরাসরি ইয়াসার পথ বরাবর বসবাস করে বলে জানিয়েছেন বাইনিমারামা।
