সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে ভোজসভায় গিয়ে বিপাকে সুগা
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে জনসাধারণকে বিভিন্ন পার্টি ও অনুষ্ঠান এড়িয়ে চলার আকুতি জানানোর পর নিজেই একটি আড্ডায় গিয়ে সমালোচকদের পাশাপাশি মিত্রদেরও তোপের মুখে পড়েছেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।
সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তাকে কোভিড-১৯ এর ঊর্ধ্বগতি নিয়ে জনঅসন্তোষ মোকাবেলা করতে হচ্ছে; ক্ষমতাসীন জোটের ভেতরে নানান বিষয়ে দ্বন্দ্ব চলায় শেষ পর্যন্ত সুগা আর কতদিন এ পদে থাকতে পারবেন তা নিয়েও প্রশ্ন উঠছে।
জনসাধারণকে ভিড় থেকে দূরে থাকতে সতর্ক করে জাপানি এ প্রধানমন্ত্রী গত এক সপ্তাহে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে দেশটির রাজনৈতিক মহলেও তুমুল সমালোচনা চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সমালোচনা করা রাজনীতিকদের মধ্যে বিরোধীদের পাশাপাশি ক্ষমতাসীন জোটভুক্ত দলের নেতারাও রয়েছেন।
“জনসাধারণকে নিবৃত থাকতে বলে তারা দামি মাংস খেয়ে জীবনধারণ করছেন,” সোমবার টোকিওর একটি রেস্তোরাঁয় এক ভোজসভায় সুগার যোগ দেওয়ার বিষয়ে ইঙ্গিত করে বলেছেন বিরোধীদলীয় সাংসদ জুন আজুমি।
“জনসমর্থন নেমে যেতে পারে,” বলেছেন তিনি।
সোমবার সুগার সঙ্গে একই ভোজে ছিলেন ৭৬ বছর বয়সী অভিনেতা রায়েতারো সুগি। তিনি জানান, সেদিন তারা ‘বছরান্তের পার্টিতে’ একত্রিত হয়েছিলেন এবং বেসবল নিয়ে আলোচনা করেছিলেন।
রেস্তোরাঁয় ভোজসভায় যাওয়া প্রসঙ্গে সুগা এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেননি; তবে তার সরকারের মুখপাত্র কাতসুনোবু কাতো বলেছেন, সুগার কর্মকাণ্ডে জনসাধারণের মধ্যে যে ‘ভুল বোঝাবুঝির’ সৃষ্টি হয়েছে এবং যে ধরনের সমালোচনা চলছে তা সরকার খুব গুরুত্ব সহকারে নিয়েছে।
বয়স্কদের চিকিৎসা খরচ নিয়ে সম্প্রতি সুগার দলের সঙ্গে ক্ষমতাসীন জোটের আরেক দল কোমেইতোর সম্পর্কেও ব্যাপক টানাপোড়েন চলছে।
তার মধ্যে সুগার এমন কর্মকাণ্ড কোমেইতোর শীর্ষ নেতাদের বেশ তাঁতিয়ে দিয়েছে এবং এ নিয়ে দুই দলের মধ্যে দূরত্ব বাড়ছে বলে দলটির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে।
