২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এস-৪০০: তুরস্কে নিষেধাজ্ঞা চাপিয়েও আলোচনার আশা যুক্তরাষ্ট্রের

রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জেরে নেটো মিত্র দেশ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এরপরও তুরস্কের সঙ্গে বিষয়টি নিয়ে সুরাহার একটি পথ খুঁজে পাওয়া সম্ভব বলে আশা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Dec 2020, 07:40 PM

Updated : 08 Apr 2022, 01:46 AM

তুরস্ক সরকার গতবছর জুলাইয়ে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্রের চালান নেওয়া শুরু করার পর থেকেই যুক্তরাষ্ট্র প্রশাসনের নিষেধাজ্ঞা কবলিত হওয়ার হুমকিতে ছিল।

তুরস্ক এই রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কারও জন্য হুমকি নয় বলে আসলেও যুক্তরাষ্ট্র একে হুমকি হিসাবেই দেখে আসছে। এর জেরে যুক্তরাষ্ট্র গতবছরই তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গি বিমান বিক্রি বন্ধ করা এবং নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়।

এরপর গত বৃহস্পতিবার দুই মার্কিন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট আরও পাঁচজন জানান, তুরস্কে ওপর নিষেধাজ্ঞার ঘোষণা আসন্ন। এরপরই সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “ যুক্তরাষ্ট্র তুরস্কের সর্বোচ্চ নেতৃবৃন্দকে একাধিকবার পরিষ্কার করে জানিয়েছে, তারা এস-৪০০ সিস্টেম কিনলে তা যুক্তরাষ্ট্রের সেনা সদস্য ও সামরিক প্রযুক্তির নিরাপত্তার জন্য চিন্তার কারণ হবে। রাশিয়ার প্রতিরক্ষা খাতে প্রচুর অর্থ চলে যাবে এবং তুরস্কের প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীতে রাশিয়ার প্রবেশ ঘটবে।”

“তারপরও তুরস্ক এস-৪০০ কেনার পথে এগিয়েছে এবং এ ব্যবস্থার পরীক্ষাও চালিয়েছে। অথচ তুরস্কের সামনে বিকল্প ব্যবস্থাও ছিল। তুরস্ক তাদের প্রতিরক্ষার চাহিদা মেটাতে নেটোর সদস্য দেশগুলোর কাছ থেকেই সেই ব্যবস্থা নিতে পারত।”

তুরস্ককে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে অংশীদার হিসাবে উল্লেখ করে পম্পেও বলেন, যুক্তরাষ্ট্র চায় যত তাড়াতাড়ি সম্ভব এস-৪০০’র বাধা দূর করে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা খাতে বহু দশক পুরোনো ঐতিহাসিক সহযোগিতা বজায় রাখতে।

“আর তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের মধ্য দিয়ে আমি তুরস্ককে অবিলম্বে এস-৪০০ সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি,” বলেন তিনি।

ওদিকে, তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর আন্তর্জাতিক নিরাপত্তা ও অস্ত্রবিস্তার রোধ বিষয়ক সহকারী পররাষ্ট্র কর্মকর্তা ক্রিস্টো্ফার ফোর্ড এক কনফারেন্স কলে সাংবাদিকদের বলেছেন, তুরস্কের সিদ্ধান্তের কারণে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া যুক্তরাষ্ট্রের হাতে আর কোনও বিকল্প ছিল না।

তিনি বলেন, “আমরা আশা করি তুরস্ক সরকার এই সমস্যার একটি সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী হবে।”

তবে তুরস্ক মার্কিন নিষেধাজ্ঞার ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছে, “এতে দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে এবং তুরস্ক যথাসময়েই এর সমুচিত জবাব দেবে।” বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রকে এই অন্যায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত আরেকবার ভেবে দেখতে বলেছে তুরস্ক।

তুরস্কের প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এবং এর প্রধান ইসমাইল দেমিরসহ আরও তিন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় যুক্তরাষ্ট্রে তাদের সব সম্পদ জব্দ হওয়া ছাড়াও সেখানে তাদের প্রবেশ এবং লেনদেনও নিষিদ্ধ থাকবে।

পুরনো খবর:

রুশ এস-৪০০ নিয়ে তুরস্কের ওপর নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র