২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা বিস্ফোরণে কাবুলের ডেপুটি গভর্নর নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের ডেপুটি গভর্নর নিজ গাড়িতে বোমা হামলায় নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2020, 04:14 PM

Updated : 08 Apr 2022, 01:46 AM

মঙ্গলবার কর্মস্থলে যাওয়ার পথে মাহবুবউল্লাহ মোহেবির গাড়িতে একটি ম্যাগনেটিক বোমা লাগিয়ে দেওয়া হয়েছিল বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

ওই বোমা বিস্ফোরণে মোহেবি নিহত ও তার দুই নিরাপত্তা রক্ষী আহত হন। শেষ খবর পর্যন্ত কোনো গোষ্ঠী এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

একই দিন সকালে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ঘোরে একই ধরনের হামলায় উপ-প্রাদেশিক পরিষদের এক সদস্য নিহত হন। এ হামলায় একজন পরিষদ সদস্য ও একজন চালক আহত হয়েছেন বলে প্রাদেশিক গভর্নর দপ্তরের মুখপাত্র আরিফ আবের জানিয়েছেন।    

সরকার ও তালেবান বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা সত্ত্বেও আফগানিস্তানে সহিংসতা কমেনি। গত সপ্তাহে কাবুলে কর্মস্থলে যাওয়ার পথে সরকারি এক কৌঁসুলিকে গুলি করে হত্যা করা হয়।