২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যৌন হয়রানির মামলায় জিতলেন নিউ জিল্যান্ডের যৌনকর্মী

নিউ জিল্যান্ডে এক যৌনকর্মী এক ব্যবসায়ীর বিরুদ্ধে যৌন হেনেস্তার মামলা করার পর তা নিষ্পত্তির আওতায় ছয় অংকের ক্ষতিপূরণ পেতে চলেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2020, 09:35 PM

Updated : 08 Apr 2022, 01:46 AM

বিবিসি জানায়, একটি মানবাধিকার সংগঠন ওই যৌনকর্মীর পক্ষে আইনি লড়াই চালিয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, যৌন হেনেস্তার ফলে ওই যৌনকর্মী ‘মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তার আয় বন্ধ হয়ে গেছে।’ সমঝোতা চুক্তিতে ছয় অংকের ওই অর্থ তার ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে।

সংগঠন থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘‘সব পেশার কর্মীদেরই যৌন হেনেস্তা থেকে সুরক্ষা পাওয়ার অধিকার আছে। এই মামলা সে কথাই স্মরণ করিয়ে দিয়েছে।”

নিউ জিল্যান্ডে ২০০৩ সালে যৌনকর্মীদের পক্ষে একটি আইন পাস হয়। ওই আইনে যৌনকর্মী হিসেবে কাজ আইনি বৈধতা পায়।

বিবিসি জানিয়েছে, বাদী ও বিবাদীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার খাতিরে এই মামলার বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমকে জানানো হয়নি। তবে সোমবার এক বিবৃতিতে এই মামলাকে যৌনকর্মীদের অধিকারের সুরক্ষায় একটি মাইলফলক বলে বর্ণনা করা হয়েছে।

‘নিউ জিল্যান্ড সেক্স ওয়ার্কাস কালেক্টিভ’-এর জাতীয় সমন্বয়ক ডেম ক্যাথেরিন হিলি বলেন, ‘‘একজন যৌনকর্মীকে যৌনকর্ম নিয়েই এ ধরনের একটি বন্দোবস্ত দেওয়া হয়েছে, যা দেখে আসলেই খুব ভাল লাগছে।

“এটি কর্মক্ষেত্রে যৌন হেনেস্তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগাবে, তা কর্মক্ষেত্র যেমনই হোক।” দীর্ঘদিন ধরেই নিউজিল্যন্ডের যৌন কর্মীদের অধিকারের সুরক্ষায় কাজ করে আসছেন হিলি।