কোভিড: মালয়েশিয়ার ‘টপ গ্লাভ’ কারখানায় শ্রমিকের মৃত্যু
বিশ্বের শীর্ষ রাবারের সার্জিক্যাল গ্লাভস তৈরি কোম্পানি ‘টপ গ্লাভ’ কারখানার এক শ্রমিক কোভিড-১৯ এ মারা গেছে।
মালয়েশিয়ায় টপ গ্লাভের বেশকিছু কারখানা এবং শ্রমিকদের ডরমিটরিগুলোতে কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই প্রথম এক শ্রমিকের মৃত্যু হল।
কোম্পানিটি রয়টার্সকে এক ই-মেইলে জানিয়েছে, নেপাল থেকে আসা ২৯ বছর বয়সী এক শ্রমিক শনিবার করোনাভাইরাসে মারা গেছেন।
‘টপ গ্লাভ’ তাদের প্রায় ২,৫০০ কর্মী করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর গত নভেম্বরেই অর্ধেকের বেশি কারখানা পর্যায়ক্রমে বন্ধের ঘোষণা দিয়েছিল।
মালয়েশিয়ায় টপ গ্লাভের ৪১টি কারখানা আছে। এসব কারখানার অধিকাংশ শ্রমিকই নেপাল থেকে আসা এবং জনাকীর্ণ এলাকায় বাস করে।
রোববার রয়টার্স এক প্রতিবেদনে জানায়, জনাকীর্ণ ওইসব ডরমিটরিতে গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে বাস করা নিয়ে গত সেপ্টেম্বরে এক নেপালি শ্রমিক এবং অন্যান্যরা উদ্বেগ প্রকাশ করলে টপ গ্লাভ ওই নেপালি শ্রমিককে বরখাস্ত করেছিল।
টপ গ্লাভের কারখানাগুলোই এখন মালয়েশিয়ায় কোভিড-১৯ এর সবচেয়ে বড় গুচ্ছ সংক্রমণ এলাকা হয়ে উঠেছে। এই কারখানাগুলোর ৫ হাজারেরও বেশি শ্রমিকের করোনাভাইরাস পজিটিভ এসেছে।
শনিবার যে শ্রমিক মারা গেছেন তিনি রাজধানী কুয়ালা লামপুরের ৪০ কিলোমিটার পশ্চিমের একটি শহরে টপ গ্লাভের কারখানায় ২ বছরের বেশি সময় ধরে কাজ করে আসছিলেন।
