চীনে নতুন করে ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত
চীন নতুন করে ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর জানিয়েছে রোববার। একদিন আগেই এ সংখ্যা ছিল ১৩।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে বলেছে, শনিবার স্থানীয়ভাবে পাঁচজন এবং দেশের বাইরে থেকে আসা ১৯ জনের ভাইরাস শনাক্ত হয়।
স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসামতে, চীনের মূল ভূখণ্ডে শনিবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হওয়া মানুষের সংখ্যা ৮৬ হাজার ৭২৫। আর মারা গেছে মোট ৪ হাজার ৬৩৪ জন।
জনপ্রিয় পর্যটন এলাকা হাইনান প্রদেশে উপসর্গহীন করোনাভাইরাস আক্রান্তদের সংস্পর্শে আসা পর্যটক ও অন্যান্যদের পর্যবেক্ষণে রাখছে চীন।
হাইনানের সানায়ায় এমন দুই পর্যটকসহ ৪৩ জনকে কোয়ারন্টিনে রাখা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে নগরীর সরকারি উইচ্যাট একাউন্ট।
চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াংয়ে জুলাইয়ের মধ্যভাগ থেকে অগাস্টের মধ্যভাগে স্থানীয় পর্যায়ে করোনাভাইরাস সংক্রমণের প্রকোপ অনেক বেড়েছিল। এরপর সেখানে অক্টোবর থেকে নভেম্বরের শুরুর দিকে আরেক দফায় স্থানীয় সংক্রমণ বেড়েছে।
অক্টোবরে চীনে জাতীয় ছুটির পর স্থানীয় সংক্রমণের নতুন ঢেউ শুরু হয়। ওই সময় প্রথমেই চীনের শ্যানডং প্রদেশের কিংডাও থেকে সংক্রমণের খবর আসে।
নভেম্বরে সাংহাই, তিয়ানজিন ও ইনার মঙ্গোলিয়াতে মাঝে মধ্যেই করোনাভাইরাস সংক্রমণের খবর এসেছে।
আর ডিসেম্বরে চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের সিচুয়ান এবং উত্তরপূর্বের হেইলংজিয়ান প্রদেশ থেকে নতুন করে আরও স্থানীয় সংক্রমণের খবর আসছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানেই প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। পরে তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
করোনাভাইরাস সংক্রমণের প্রথম দিকে কঠোর বিধিনিষেধ আরোপ করে চীন তা অনেকাংশে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলেও পরে দেশটিতে আবার সংক্রমণের ঢেউ দেখা দেয়।
