২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিকা পেলেও ‘৪ মাসে মহামারী পরিস্থিতির উন্নতি’ দেখছেন না মের্কেল

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেছেন, ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি হওয়া সত্ত্বেও তার দেশ ২০২১ সালের প্রথম চার মাসের মধ্যে মহামারীর গতিপথ বদলে দেওয়ার মতো যথেষ্ট লোককে টিকা দিতে পারবে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2020, 05:41 PM

Updated : 08 Apr 2022, 01:45 AM

তবে যে পরিমাণ টিকাই দেওয়া হোক, তাতে মৃত্যুর সংখ্যা উল্লেখ করার মতো কমবে বলেও আশাবাদ জার্মান এ নারী চ্যান্সেলরের। 

বুধবার জার্মান পার্লামেন্ট বুন্দেসট্যাগের নিম্নকক্ষে দেওয়া ভাষণে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জার্মানিতে এখন সংক্রমণের যে পরিস্থিতি, তাতে বড়দিনের পর জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশনার সঙ্গে একমত হওয়ার কথাও জানিয়েছেন মের্কেল।

মহামারী পরিস্থিতি যেমনই থাকুক না কেন, স্কুল এবং নার্সারি খোলা রাখতে সম্ভাব্য সকল পদক্ষেপ নেবেন বলেও পার্লামেন্টে দেওয়া ভাষণে জোর দিয়েছেন তিনি।

ছুটির সময় পরিবারগুলোর ভ্রমণের কথা বিবেচনায় নিয়ে হোটেল খোলা রাখার প্রস্তাবের বিরোধিতাও করেছেন জার্মান এ চ্যান্সেলর।

“অভিজ্ঞতা বলছে, মহামারীর দ্বিতীয় ঢেউ প্রথমটির চেয়েও শক্তিশালী হয়,” বলেছেন তিনি।

দীর্ঘদিন ধরে চ্যান্সেলরের দায়িত্বে থাকা এ নারী বলেছেন, জার্মানিতে বিপুল সংখ্যক লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এরপরও অধিকাংশ মানুষ তাদের যোগাযোগের পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় কমায়নি।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশ জার্মানি ‘হালকা লকডাউনের’ পথ বেছে নিয়ে কেবল স্কুল আর দোকানপাট খোলা রেখেছে, বলেছেন তিনি।