২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধারণার চেয়েও উঁচু এভারেস্ট, একমত চীন-নেপাল

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা এতদিনের ধারণার চেয়েও খানিকটা বেশি বলে জানিয়েছে চীন ও নেপাল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2020, 06:11 PM

Updated : 25 Jul 2022, 07:07 PM

মঙ্গলবার দুই দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী পর্বতশৃঙ্গটির উচ্চতা ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার নিয়ে একমত হন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এভারেস্টের সঠিক উচ্চতা কত, তা নিয়ে এতদিন দুই দেশের মধ্যে বিরোধ ছিল। সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং ও কাঠমান্ডু পর্বতশৃঙ্গটিতে জরিপকারী দল পাঠিয়েছিল; তাদের হিসাবের ভিত্তিতেই দুই দেশ এভারেস্টের উচ্চতা নিয়ে একমত হল।

“এভারেস্ট হচ্ছে চীন ও নেপালের বন্ধুত্বের চিরন্তন প্রতীক,” চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে ভিডিও কলে জরিপকারী দলের দেওয়া তথ্যের কথা জানিয়ে এমনটাই বলেন নেপালের প্রধানমন্ত্রী প্রদীপ কুমার গয়ালি।

নেপাল গত বছরের আগে কখনোই এভারেস্টের উচ্চতা জানতে জরিপকারী দল পাঠায়নি; তারা দীর্ঘদিন ধরেই ১৯৫৪ সালে ভারতের করা জরিপের উপর আস্থা রেখেছিল।  

ভারতের করা ওই জরিপে বরফসহ এভারেস্টের উচ্চতা বলা হয়েছিল ৮ হাজার ৮৪৮ মিটার।

অন্যদিকে ২০০৫ সালে চীনের করা এক জরিপে পর্বতশৃঙ্গটি ৮ হাজার ৮৪৪ দশমিক ৪৩ মিটার উঁচু বলে দাবি করা হয়; যা ১৯৫৪-র ধারণার চেয়েও ৩ দশমিক ৭ মিটার বা ১১ ফিট কম।

পর্বতারোহীদের ধারণা, ২০১৫ সালে হওয়া ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প এভারেস্টের উচ্চতায় পরিবর্তন এনে দিয়েছে। ওই ভূমিকম্প নেপালের প্রায় ৯ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল।

বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পর্বতশৃঙ্গের ৮টিই নেপালে; দক্ষিণ এশিয়ার এ দেশটি গত বছরের মে মাসে প্রথমবারের মতো এভারেস্টের উচ্চতা মাপতে জরিপকারীদের দল পাঠায়।

আর চীনের জরিপকারীরা চলতি বছরের বসন্তে পর্বতটির চূড়ায় উঠেছিল। করোনাভাইরাসজনিত কারণে নেপাল ও চীন উভয় দেশই সেসময় অন্য আরোহীদের এভারেস্টে চড়া বন্ধ রেখেছিল।