‘স্যাটেলাইট-নিয়ন্ত্রিত মেশিনগান’ দিয়ে বিজ্ঞানীকে হত্যা, দাবি ইরানের
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে ‘স্যাটেলাইট নিয়ন্ত্রিত আধুনিক পদ্ধতির’ মেশিনগান এবং ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’র সাহায্যে দূর থেকেই হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন এক ঊর্ধ্বতন ইরানি কমান্ডার।
ইরানের তাসনিম বার্তা সংস্থাকে রোববার দেওয়া এক সাক্ষাৎকারে রেভ্যলুশনারি গার্ডস এর ডেপুটি কমান্ডার আলি ফাদাভি বলেন, ‘‘ঘটনাস্থলে কোনও সন্ত্রাসী উপস্থিত ছিল না....ফাখরিজাদেহ গাড়ি চালাচ্ছিলেন, ওই সময় একটি অস্ত্র তার দিকে তাক করা হয়। যেটিতে অত্যন্ত আধুনিক প্রযুক্তির ক্যামেরা লাগানো ছিল এবং সেটি তার উপর জুম করা হয়েছিল।”
“মেশিনগানটি একটি পিকআপ ট্রাকের ওপর রাখা ছিল এবং স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। মেশিনগান থেকে শহীদ ফাখরিজাদেহ কে লক্ষ্য করে ১৩টি গুলি ছোড়া হয়। এই অভিযানের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চেহারা দেখে চিনতে পারার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একই গাড়িতে ফাখরিজাদেহের কাছ থেকে মাত্র ২৫ সেন্টিমিটার দূরে তার স্ত্রী বসে ছিলেন। তার গায়ে কোনও আঘাতই লাগেনি।”
ফাখরিজাদেহ ‘হত্যাকাণ্ডের শিকার হতে পারেন’ এমন খবর ইরানের হাতে আগেই ছিল। তাই তার নিরাপত্তায় দেশটি সব ধরনের ব্যবস্থায়ই গ্রহণ করেছিল। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। গত ২৭ নভেম্বর রাজধানী তেহরানের কাছে একটি মহাসড়কে চোরাগোপ্তা হামলার শিকার হন ফাখরিজাদেহ।
ফাখরিজাদেহের ওপর এ হামলার পেছনে ইসরায়েলের হাত আছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে ইরান। এর আগেও ইরানের চার পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছিল (২০১০ সাল থেকে ২০১২ সালের মধ্যে)। তখনও ইসরায়েলের দিকেই আঙুল তুলেছিল ইরান।
এবারও ইরান ইসরায়েলের দিকেই অভিযোগের তীর ছুড়লেও ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখনও দায় স্বীকার করে বা অভিযোগ অস্বীকার করে আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেওয়া হয়নি।
ওদিকে ইরান বলেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে ‘জড়িতদের সম্পর্কে তারা সূত্র পেয়েছে’। তবে এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তারের খবর প্রকাশ পায়নি।
ফাখরিজাদেহ হত্যাকাণ্ডের পরপরই কয়েকজন প্রত্যক্ষদর্শী রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছিলেন, প্রথম একটি ট্রাক বিস্ফোরিত হয় এবং তারপর একদল বন্দুকধারী ফাখরিজাদেহের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
গত সপ্তাহে ইরানের নিরাপত্তা প্রধান আলি শামখানি বলেছিলেন, ‘‘হামলাকারীরা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে ফাখরিজাদেহকে হত্যা করেছে। তারা হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল না।”
ফাখরিজাদেহ ইরানের প্রতিরক্ষামন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন সংগঠনের প্রধান ছিলেন। তাকে ইরানের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির হোতা বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন থেকেই সন্দেহ করে আসছিল। কূটনীতিকরা তাকে ‘ইরানের বোমার জনক’ বলেও আখ্যা দিয়েছিলেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে এখন পর্যন্ত মোহসেন ফাখরিজাদেহ হত্যাকাণ্ড নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে ২০১৮ সালের মে মাসে নেতানিয়াহু ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে অভিযোগ করতে গিয়ে মোহসেন ফাখরিজাদেহর নাম বলেছিলেন। সে সময় তিনি ‘এই নামটি মনে করেও রাখতে’ বলেছিলেন।
