২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুতিদের ‘কালো তালিকাভুক্তির কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র’

যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতি আন্দোলনকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে ঘোষণা দিতে পারে বলে জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2020, 09:08 PM

Updated : 08 Apr 2022, 01:44 AM

মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক বিষয়টি নিয়ে তার দেশের সঙ্গে আলোচনা করেছেন বলে শনিবার জানিয়েছেন সৈয়দ বদর আল বুসাইদি।

বাহরাইনে এক শীর্ষ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এমনটি বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।   

সম্প্রতি মসকটে মার্কিন কূটনীতিক ডেভিড শ্যাঙ্কারের সফরকালে সম্ভাব্য কালো তালিকাভুক্তি নিয়ে আলোচনা হয়েছিল কিনা, এমন প্রশ্নে আল বুসাইদি বলেন, “হ্যাঁ, বিষয়টি তোলা হয়েছিল।”

এরপর তিনি বলেন, “সংঘাতের প্রধান এক খেলোয়াড়কে তালিকাবদ্ধ বা অবরুদ্ধ করার মাধ্যমে এবং তাদের আলোচনার টেবিলে না এনে কোনো সমাধান পাওয়া যাবে বলে আমি মনে করি না।”     

 এ বিষয়টি সম্পর্কে অবগত দুইটি সূত্র গত মাসে রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন হুতি আন্দোলনকে কালো তালিকাভুক্ত করার হুমকি দিয়েছে। 

ইরান ঘনিষ্ঠ শিয়া হুতি বিদ্রোহীরা ২০১৪ সালের শেষ দিকে ইয়েমেনের সৌদি সমর্থিত সরকারকে উচ্ছেদ করে রাজধানী সানাসহ দেশের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর ২০১৫ সালের প্রথমদিকে দেশটির গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী।

বিবদমান পক্ষগুলোকে নিয়ে শান্তি আলোচনার মাধ্যমে ইয়েমেন যুদ্ধ শেষ করার চেষ্টা করছে জাতিসংঘ। কিন্তু ২০১৮ সালের শেষ দিক থেকে শান্তি আলোচনা স্থবির হয়ে আছে।

হুতিরা এখনও সানাসহ ইয়েমেনের অধিকাংশ বড় নগরগুলোর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। সৌদি জোট বাহিনী উল্লেখযোগ্য সফলতা না পাওয়ায় প্রায় দুই বছর ধরে যুদ্ধে অচলাবস্থা বিরাজ করছে। 

আল বুসাইদি বলেন, “আমার প্রশ্ন হচ্ছে (যুক্তরাষ্ট্রের) ওই সিদ্ধান্ত কি ইয়েমেনের সংঘাতের সমাধান করতে যাচ্ছে? নাকি ওই গোষ্ঠীটিসহ সবাইকে আলোচনায় আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে জাতিসংঘের দূত যেভাবে চেষ্টা করছেন তাকে সত্যিকার সমর্থন দেওয়াই বেশি ভালো হবে।” 

মধ্যপ্রাচ্য অঞ্চলে ইয়েমেনের সংঘাতকে বহুলভাবে সৌদি আরব ও ইরানের মধ্যে চলা ছায়া যুদ্ধ হিসেবে দেখা হয়। তবে তারা তেহরানের নির্দেশে চলে না বরং একটি দুর্নীতিগ্রস্ত পদ্ধতির বিরুদ্ধে লড়াই করছে বলে দাবি করে হুতিরা। 

যুদ্ধ ও অবরোধের ফলে ইয়েমেন প্রায় দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে আছে। দেশটির ৮০ শতাংশ লোকের জরুরি সহায়তা প্রয়োজন। এর মধ্যে ওয়াশিংটন হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করলে ইয়েমেনের জনগণের জীবন রক্ষাকারী ত্রাণ সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক ত্রাণ কর্মীরা।