ডিম ছুড়ে মারায় হংকংয়ে বিক্ষোভকারীর কারাদণ্ড
পুলিশ স্টেশনে ডিম ছুড়ে মারায় ৩১ বছর বয়সী এক বিক্ষোভকারীকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে হংকংয়ের আদালত।
রাজনৈতিক ভিন্নমত দমনে কর্তৃপক্ষের কড়াকড়ির আওতায় হংকং আদালত এই কঠোর সাজা দিল।
হংকংয়ে গতবছর ২১ জুলাইয়ের বিক্ষোভে বিক্ষোভকারী পুন হো চিউ পুলিশ স্টেশনে ডিম ছুড়ে মেরেছিলেন।
বৃহস্পতিবার তাকে সাজার রায় শুনিয়েছেন মেজিস্ট্রেট উইন্নি লু। তিনি বলেন, ডিম গণবিধ্বংসী অস্ত্র না হলেও পুলিশ স্টেশনের মতো জায়গায় তা ছুড়ে মারার মধ্য দিয়ে উস্কানি দেওয়া হয়েছে এবং আইপ্রয়োগকারী কর্মকর্তাদের কাজ ব্যাহত হয়েছে।
আইনপ্রয়োগকারী বাহিনীকে তাদের দায়িত্ব পালনে সুরক্ষা দেওয়া আদালতের দায়িত্ব। লু আরও বলেন, গত বছরের বিক্ষোভে পুন হো-চিউ নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন। তার উত্তেজনাকর আচরণ অন্যদের জন্য হুমকি হয়ে উঠেছিল।
চিউ পুলিশ কর্মকর্তাদেরকে অপমানজনক কথা বলেছেন এবং আক্রমণও করেছেন। তাকে দেখে অন্যরাও পুলিশের ওপর চড়াও হওয়ার ঝুঁকি ছিল।
হংকংয়ে গতবছর কয়েকমাস ধরে সহিংস সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে। রাজনৈতিক ওই অস্থিরতার সময় পুলিশ হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করেছে।
বেইজিং এ বছর হংকংয়ে নতুন জাতীয় নিরাপত্তা আইন চালু করে নিয়ন্ত্রণ কঠোর করেছে। এতে হংকং কর্তৃপক্ষ গ্রেপ্তার করা বিক্ষোভকারীদের বিচার এবং কঠোর সাজা দেওয়ার চাপের মুখে আছে।
এ পরিস্থিতির মধ্যেই আদালত বিক্ষোভকারী চিউকে কারাদণ্ডের ওই সাজা দিল বলে জানিয়েছে সিএনএন।
