২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হারিকেন ‘এটা’র পর ‘আয়োটা’য় বিধ্বস্ত মধ্য আমেরিকা

হারিকেন ‘এটা’র প্রভাব না কাটতেই আরও বেশি শক্তিশালী হারিকেন ‘আয়োটা’য় বিধ্বস্ত মধ্য আমেরিকা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2020, 11:52 PM

Updated : 08 Apr 2022, 01:38 AM

মাত্র দু’সপ্তাহ আগে যে এলাকায় আছড়ে পড়েছিল এটা সেখানে আবারও তাণ্ডব চালিয়েছে আয়োটা।

মঙ্গলবার আয়োটার প্রভাবে উত্তরপূর্বাঞ্চলীয় নিকারাগুয়ায় উড়ে গেছে বাড়িঘরের ছাদ, উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি, পাম গাছ। সোমবার রাতের দিকে ঘণ্টায় ১৫৫ মাইল বাতাসের বেগ নিয়ে নিকারাগুয়ার ওপর দিয়ে বয়ে যায় আয়োটা।

সকাল ৬ টার দিকে ঝড়ের শক্তি কমে বাতাসের বেগ নেমে আসে ঘণ্টায় ৮৫ মাইলে। এরপর ঝড়টি নিকারাগুয়ার উত্তরাঞ্চল পার হয় বলে জানিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার।

নিকারাগুয়ার একটি পৌর এলাকা দু সপ্তাহ আগের হারিকেন এটার তাণ্ডবে ছিল আংশিক বন্যাকবলিত। তার ওপর আবার হারিকেন আয়োটার কবলে পড়ে সেখানে মানুষজনের দুর্ভোগ আরও বেড়ে গেছে।

“আমরা মারা যেতে পারি। এখানে খাওয়ার আদৌ কিছু নেই,” বলেন স্থানীয় এক অধিবাসী।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিকারাগুয়ার প্রায় ৪০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তবে হারিকের প্রভাবে উপকূলীয় বহু এলাকাই ২০ ফুট উচুঁ জলোচ্ছ্বাসে তলিয়ে যাওয়ার ঝুঁকি আছে।

আয়োটার প্রভাবে হন্ডুরাসেও প্রবল বৃষ্টিপাত এবং বন্যার আশঙ্কায় ৮০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, আয়োটার শক্তি কমে গেলেও এর প্রভাবে এখনও ৩০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, ঘটতে পারে ভূমিধস এবং আরও ব্যাপক বন্যাও দেখা দিতে পারে।

এর দুসপ্তাহ আগে হারিকেন এটা সমস্ত ফসল ধ্বংস করাসহ পারবত্য অঞ্চলগুলো ভাসিয়ে নিয়ে গেছে। মারা গেছে বেশকিছু মানুষও।