২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান-ইরাক থেকে আরও সেনা দেশে ফেরাবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আফগানিস্তান এবং ইরাক থেকে আরও মার্কিন সেনা ফেরানোর নির্দেশ দিতে পারেন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2020, 06:08 PM

Updated : 08 Apr 2022, 01:38 AM

কর্মকর্তারা বলছেন, আফগানিস্তান থেকে আগামী মধ্য জানুয়ারি নাগাদ সেনাসংখ্যা প্রায় ৫ হাজার থেকে ২ হাজার ৫শ’ তে নামিয়ে আনা হবে। আর ইরাকে সেনাসংখ্যা ৩ হাজার থেকে কমিয়ে করা হবে ২ হাজার ৫শ'।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি চান বড়দিনের আগেই সেনারা সবাই দেশে ফিরে আসুক।

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের কাছে হেরে যাওয়া ট্রাম্প এখনও পরাজয় স্বীকার করতে রাজি হচ্ছেন না। ফলে ক্ষমতা হস্তান্তরেও ট্রাম্প প্রশাসনকে তৎপর দেখা যাচ্ছে না।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার আগে আগামী ১৫ জানুয়ারির মধ্যেই সেনা প্রত্যাহারের কাজ শেষ করতে হবে।

ইরাকে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসণের সময় থেকে রয়ে যাওয়া মার্কিন সেনার এক তৃতীয়াংশের বেশি প্রত্যাহার করে নেওয়ার (৫,২০০ থেকে কমিয়ে ৩,০০০ করা) ঘোষণা গত সেপ্টেম্বরে দিয়েছে পেন্টাগন।

ওদিকে, আফগানিস্তানে ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন তালেবান শাসন উৎখাত করার পর থেকেই সেখানে আছে মার্কিন সেনা।

প্রেসিডেন্ট ট্রাম্প অনেকদিন থেকেই সেনাদের দেশে ফিরিয়ে আনার কথা বলে এসেছেন। দেশে দেশে সামরিক হস্তক্ষেপ খুবই ব্যয়বহুল এবং অকার্যকর বলে সমালোচনা করেছেন তিনি।

বিবিসি জানায়, এ বছরের শুরুর দিকে তালেবানের সঙ্গে শান্তি চুক্তির অংশ হিসাবে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে।

গত ২৯ ফেব্রুয়ারিতে তালেবান জঙ্গি এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক চুক্তির শর্ত ছিল মার্কিন সেনাদের দেশে ফেরানো।

যদিও মার্কিন সামরিক বাহিনীর প্রধানরা সতর্ক করে দিয়ে বলে আসছেন, তাড়াহুড়ো করে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরানো হলে তালেবান এবং আফগান সরকারের মধ্যকার শান্তি আলোচনা হুমকিতে পড়তে পারে।