২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তেহরানে আল কায়েদা নেতা নিহতের’ প্রতিবেদন প্রত্যাখ্যান ইরানের

যুক্তরাষ্ট্রের নির্দেশে তিন মাস আগে ইসরায়েলি চররা আল কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতাকে ইরানে হত্যা করেছে, নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ পেলেও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2020, 10:43 PM

Updated : 08 Apr 2022, 01:37 AM

গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস ওই প্রতিবেদনটি প্রকাশ করলেও ইসরায়েল বা অন্য কোনো দেশের সরকার মিশরীয়-বংশোদ্ভূত এ জঙ্গিনেতাকে হত্যার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আল-কায়েদাও এখন পর্যন্ত আবু মোহাম্মদ আল মাসরি নামে পরিচিত তাদের নেতা আবদুল্লাহ আহমেদ আবদুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

রয়টার্স জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দেওয়া তথ্য নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কাছ থেকে এ প্রসঙ্গে প্রতিক্রিয়া চাইলেও তাৎক্ষণিকভাবে তাদেরও সাড়া মেলেনি।

এ পরিস্থিতিতে শনিবার একটি বিবৃতি দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আল কায়েদার কোনো ‘সন্ত্রাসী’ ইরানের মাটিতে নেই।

“সময়ে সময়ে, ওয়াশিংটন ও তেল আবিব গণমাধ্যমের কাছে মিথ্যা কথা বলে ও ভুয়া তথ্য ফাঁস করে এ ধরনের গোষ্ঠীগুলোর সঙ্গে ইরানকে জড়াতে চায়। এই গোষ্ঠীটির ও এ অঞ্চলে তৎপর অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপরাধমূলক তৎপরতার দায় এড়াতেই তারা এসব করে,” বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।   

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস শুক্রবার তাদের এক প্রতিবেদনে জানায়, আবু মোহাম্মদ আল মাসরিকে গত ৭ অগাস্ট তেহরানের রাস্তায় মোটরসাইকেল আরোহী দুই ইসরায়েলি চর গুলি করে হত্যা করে।

আল-কায়েদার অন্যতম প্রতিষ্ঠাতা মাসরির সঙ্গে তার মেয়েও সেদিন ইসরায়েলি চরদের হামলায় নিহত হন বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।

আল কায়েদার ‘সেকেন্ড-ইন-কমান্ড’ মাসরিকে ১৯৯৮ সালে আফ্রিকার কেনিয়া ও তানজানিয়ায় যুক্তরাষ্ট্রের দুটি দূতাবাসে বোমা হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ বলা হয়। আয়মান আল জাওয়াহিরির পর তিনিই মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠীটির পরবর্তী শীর্ষ নেতা হবেন বলে ধারণা করা হচ্ছিল।