করোনাভাইরাসে ফিলিস্তিনি আলোচক সায়েব এরেকাতের মৃত্যু
ফিলিস্তিনের প্রধান শান্তি আলোচক সায়েব এরেকাত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মঙ্গলবার জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারে তিনি মারা যান বলে জানিয়েছেন কর্মকর্তারা। গত মাসে তাকে সেখানে ভর্তি করা হয়েছিল।
বহু বছর ধরে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের শান্তি আলোচনার নেতৃত্ব দিয়ে এসেছিলেন এরেকাত। তিনি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর সাধারণ সম্পাদক এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপদেষ্টাও ছিলেন।
আব্বাস শান্তি আলোচক এরেকাতকে একজন ‘ভাই’ এবং ‘যোদ্ধা’ অভিহিত করে তার মৃত্যুতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন বলে জানিয়েছে বিবিসি।
এরেকাতই আলোচনার মধ্য দিয়ে ১৯৯৩ সালে অসলো চুক্তি করেছিলেন। এ চুক্তির মধ্য দিয়ে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় সীমিত আকারে ফিলিস্তিনের স্বশাসন প্রতিষ্ঠিত হয়।
১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল এসব অঞ্চল দখলের পর থেকে ফিলিস্তিনের জন্য এটিই ছিল প্রথম কার্যকর কোনও চুক্তি।
এরেকাতের মৃত্যুতে শোক প্রকাশ করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস বলেছেন, “আমাদের প্রিয় ভাই ও বন্ধু, মহান যোদ্ধা সায়েব এরেকাতের মৃত্যু ফিলিস্তিনসহ ফিলিস্তিনি জনগণের জন্যও অপূরণীয় ক্ষতি।”
গত ৮ অক্টোবর এরেকাত তার কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানিয়েছিলেন। এর ১১ দিন পর অবস্থার অবনতি হলে বাসা থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
তিন সপ্তাহ হাসপাতালে থাকাকালে বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ অচল হয়ে তিনি শেষ পর্যন্ত মারা গেলেন বলে জানিয়েছেন হাদাসাহ মেডিকেল সেন্টারের মুখপাত্র। পশ্চিম তীরের জেরিকো শহরে বুধবার তার শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।
এরেকাত ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্ব নিরসনে দুটি আলাদা স্বাধীন রাষ্ট্র (ফিলিস্তিন ও ইসরায়েল) গঠন করে সমস্যার সমাধানকে সমর্থন দিয়ে এসেছিলেন এবং সম্প্রতি এ বিষয়টিকে আমল না দিয়ে ইসরায়েলের সঙ্গে আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপের সমালোচনাও করেছিলেন তিনি।
