২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছর পর হোয়াইট হাউসে ফিরছে কুকুর

চার বছর মুক্ত থাকার পর নির্বাচনে জো বাইডেনের জয়ে হোয়াইট হাউসে আবার ফিরে আসছে কুকুর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2020, 01:22 PM

Updated : 18 Aug 2022, 04:03 PM

শুধু একটি নয়, দুটি; কারণ বাইডেনের দুটি জার্মান শেফার্ড আছে। এদের একটির নাম চ্যাম্প অপরটির মেজর।

জানুয়ারিতে হোয়াইট হাউসের বাসায় যাওয়ার জন্য এদের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে বিবিসি জানিয়েছে।

বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকার সময় থেকেই তার সঙ্গে থাকা চ্যাম্পের বর্তমান বয়স ১২। অপরদিকে মেজর কম বয়সী একটি কুকুর, ২০১৮ থেকে বাইডেনের কাছে আছে।

একটি প্রাণী আশ্রয়কেন্দ্র থেকে উদ্ধার পাওয়া মেজর এখন হোয়াইট হাউসে আশ্রয় পাচ্ছে, যা একটি ইতিহাস সৃষ্টি করেছে বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বলছে। কারণ পরিত্যক্ত অবস্থায় প্রাণী আশ্রয়কেন্দ্রে ঠাঁই পাওয়ার কোনো কুকুরের হোয়াইট হাউসের বাসিন্দা হওয়ার প্রথম ঘটনা এটি।

হোয়াইট হাউসে থাকার সময় কুকুর পোষা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের দীর্ঘদিনের ঐতিহ্য হলেও ট্রাম্পের কোনো কুকুর ছিল না। তার কোনো কুকুর নাই এটি জানিয়ে ট্রাম্প বলেছিলেন, এ রকম কিছু করলে তিনি ‘ভান করছেন’ বলে অনুভব করবেন।