২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তোমরা স্বপ্ন দেখ’, বিজয় ভাষণে বললেন কমলা

যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়ার রাতে বিজয়ী ভাষণে প্রতিটি ছোট্ট মেয়েকে রাজনীতির এই উচ্চ শিখরে পৌঁছার ‘স্বপ্ন দেখার’ আবেদন জানিয়েছেন কমলা হ্যারিস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2020, 09:38 PM

Updated : 08 Apr 2022, 01:36 AM

ভোটাধিকার এবং রাজনৈতিক সাফল্যর জন্য নারীদের সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, “আজ দেশের প্রতিটি ছোট্ট মেয়েই দেখতে পাচ্ছে এটি (যুক্তরাষ্ট্র) একটি সম্ভাবনার দেশ। তারা এখন জানে যে তারাও এখানে পৌঁছতে পারে।”

যুক্তরাষ্ট্রে কেবল নারী হিসাবেই নয়, কোনও কৃষ্ণাঙ্গ এমনকী একজন দক্ষিণ এশীয় হিসাবেও দেয়াল ভেঙেছেন জ্যামাইকান বাবা আর ভারতীয় মায়ের সন্তান কমলা হ্যারিস। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রানিং মেট কমলা যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হচ্ছেন।

সিএনএন জানায়, শনিবার রাতে ভোটের ফল স্পষ্ট হওয়ার পরই এই ডেমোক্র্যাট নেত্রী বলেন, ‘‘হতে পারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে আমিই প্রথম নারী। কিন্তু আমিই শেষ নই।’’

“আর এই দেশের শিশুরা, তোমরা মেয়ে হলেও, আমাদের দেশ তোমাদেরকে এই পরিষ্কার বার্তাই দিয়েছে: তোমরা স্বপ্ন দেখ, দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যাও, নিজেদেরকে এমনভাবে দেখতে শেখ যেভাবে অন্যরা তোমাদের নাও দেখতে পারে, কারণ, তারা এরকম আগে কখনও দেখেনি। আর এই পথের প্রতিটি পদক্ষেপে আমরা তোমাদের অভিনন্দন জানাব।”

ভাষণে কমলা তার মা প্রয়াত শ্যামলা গোপলান স্মরণ করে বলেন, “তিনি যখন এখানে এসেছিলেন, তখন সম্ভবত এমন মুহূর্তের কথা কল্পনাও করতে পারেননি।’’

ভারতের তামিলনাডুর বাসিন্দা শ্যামলা মাত্র ১৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। চিকিৎসাবিজ্ঞানী হিসেবে আমেরিকায় পরিচিতি ছিল তার। ২০০৯ সালে শ্যামলা মারা যান।