২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নির্বাচন: অনিশ্চয়তায় উদ্বেগ, সন্দেহ

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ফল জানতে নির্ঘুম রাত কাটানো রিপাবলিকান ও ডেমোক্র্যাট সমর্থকরা ভোটগ্রহণ শেষ হওয়ার একদিন পরও কে জয়ী তা জানতে না পারায় উদ্বেগ নিয়ে সময় কাটাচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2020, 04:52 PM

Updated : 08 Apr 2022, 01:35 AM

বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট গণনা চলার মধ্যেই রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প আগেভাগে নিজেকে বিজয়ী ঘোষণা করার পর তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সমর্থকরা বেশ চটেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বাইডেন সমর্থকদের আশঙ্কা, হেরে গেলে ট্রাম্প নির্বাচনের ফল নাও মেনে নিতে পারেন। রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাগুলোর অনেক ভোটার প্রেসিডেন্টের মতোই নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে বলে প্রমাণ ছাড়াই অভিযোগ তুলেছেন।

“নির্বাচনে জালিয়াতি হচ্ছে,” বলেছেন নর্থ ক্যারোলাইনার বাসিন্দা ৪৮ বছর বয়সী জিমি বয়েড। নাগরিকদের বন্দুক রাখার অধিকারের পক্ষে সরব বয়েড স্থানীয় একটি মিলিশিয়া গোষ্ঠীর সঙ্গেও যুক্ত।

তার উদ্বেগ, ‘বামপন্থিরা’ শহরগুলো সব ধ্বংস করে ফেলবে; ডানপন্থি অধিকারকর্মীরদের ‘বর্ণবাদী, প্রকৃতিবিরোধী’ হিসেবে চিত্রিত করা হবে।

১৯৬৭ সালে আলবেনিয়া থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে আসা আনা ড্রালিওস আবার অন্য পক্ষে। তার মতে, ভোট গণনা বন্ধ করতে বলে ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছেন।

“আমি একটি কমিউনিস্ট দেশ থেকে এসেছি। আমি জানি, ভোট না থাকা, কথা বলার সুযোগ না থাকা কীরকম,” বলেছেন বাইডেনকে ভোট দেওয়া এ নারী।

ড্রালিওসের মতো কয়েকশ মানুষকে বুধবার পেনসিলভেইনিয়ার রাজধানী হ্যারিসবার্গে জড়ো হয়ে ‘আমাদের ভোট গণনা কর’ স্লোগান দিতে দেখা গেছে।

“আমরা যদি আমাদের কাছ থেকে ভোট চুরি করে নিয়ে যাওয়ার সুযোগ দিই, তাহলে আমরা স্বৈরতন্ত্র, চূড়ান্ত নিপীড়নের দিকে অগ্রসর হবো,” বলেছেন ড্রালিওস।

করোনাভাইরাস সংক্রমণে দেওয়া বিধিনিষেধের কারণে একটি কক্ষের ভেতর যতজন থাকতে পারে, তা পূরণ হয়ে যাওয়ায় মিশিগানের ডেট্রোয়ইটে একটি নির্বাচনী কেন্দ্রের কর্মকর্তারা প্রায় ৩০ জন পর্যবেক্ষককে ভোট গণনার কক্ষে প্রবেশে বাধা দিয়েছেন। ওই পর্যবেক্ষকদের অধিকাংশই ছিলেন রিপাবলিকান।

পর্যবেক্ষকরা এরপরও ভোট গণনা কক্ষে প্রবেশ করতে চাইলে পরে পুলিশ এনে সিদ্ধান্ত বাস্তবায়ন করেন নির্বাচনী কর্মকর্তারা।

পরে ওই পর্যবেক্ষক দলের অনেক সদস্য ভোট গণনা কক্ষের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান এবং ‘গড ব্লেস আমেরিকা’ গাইতে থাকেন। রিপাবলিকান পর্যবেক্ষকদের অন্য একটি দলও ওই কেন্দ্রে ঢুকতে বাধা পাওয়ার পর কাছাকাছি এলাকায় চক্রাকারে প্রার্থনা সভা করে এবং চিৎকার করে ‘ভোট বন্ধ কর’, ‘গণনা বন্ধ কর’ আওড়ায়। 

সিএনএন এবং এডিসন রিসার্চ পরে মিশিগানে বাইডেনকে জয়ী ঘোষণা করে।

নির্বাচনের পরের দিন ভোটারদের মধ্যে আগামী পরিস্থিতি নিয়ে যে দুশ্চিন্তা দেখা গেছে, তা অনেকেই নিতে পারছিলেন না। অনেকেই ক্যাফেইনের উপর ভর করে সজাগ থাকার চেষ্টা করেছেন; কেউ কেউ টুকিটাকি নানান কাজে নিজেকে ব্যস্ত রেখে উত্তেজনা ভুলতে চেয়েছেন।

“ট্রাম্পের ভীতিপ্রদ, আগেভাগে জয়ের ঘোষণা আমাকে ঘাবড়ে দেয়,” বলেছেন ওহাইওর কোর্টল্যান্ডে নিজের বাড়ির মেঝেতে পায়চারি করতে করতে ১৭ কাপ কফি খেয়ে ফেলা তানিয়া উজচিয়াক। ৩৯ বছর বয়সী এ নারী জানিয়েছেন, তিনি রিপাবলিকান হলেও এবার তার ভোট বাইডেনের বাক্সেই পড়েছে।

ভোটের ফলাফল নিয়ে উদ্বেগের মধ্যে বুধবার ওকল্যান্ড, ক্যালিফোর্নিয়া, আটলান্টা, ডেট্রোয়ইট ও নিউ ইয়র্ক সিটির মতো বেশ কয়েকটি শহরে ভোট গণনা অব্যাহত রাখার দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন বাইডেন সমর্থকরা।

ম্যানহাটনের ধ্বংসস্তূপে বিক্ষোভকারীদের আগুনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে পুলিশ। সেখানে রাস্তায় যান চলাচলে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি ও এ ধরনের অপরাধে অন্তত ২০ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, তারা বিভিন্ন এলাকার ডানপন্থি মিলিশিয়া সদস্যদের উপরও নজর রাখছেন। ভোটে কারচুপি নিয়ে ট্রাম্প যে অভিযোগ করেছেন তার কারণে এ ধরনের সশস্ত্র গোষ্ঠীগুলো রাস্তায় নেমে যেতে পারে বলেও অনেকের আশঙ্কা।

কট্টর-ডানপন্থি পুরুষদের দল ‘প্রাউড বয়েজের’ নেতা এনরিক তারিও বুধবার ভোরের আগে হোয়াইট হাউস থেকে কিছুটা দূরে তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন।

হামলাকারীদের মধ্যে একজনের মুখে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ মাস্ক ছিল বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয় পুলিশ এনরিকের উপর হামলার ঘটনাটি নিশ্চিত করতে পারেনি। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ গ্রেপ্তারও হয়নি।

ওহাইওর গিবসনবার্গের টম ইয়ংকার টেলিভিশনের নির্বাচনী খবর যেন তাকে উদভ্রান্ত করে না ফেলে, সেজন্য নিজের টমেটো বাগানের দিকে মনোযোগ বাড়িয়েছেন।  ৭৪ বছর বয়সী এ পেইন্টিং কন্ট্রাক্টর ৩৪ বছর স্থানীয় নির্বাচন পর্ষদে ছিলেন। মঙ্গলবার রাতে ভোট গণনা দেখতে গিয়ে তিনি মাত্র কয়েক ঘণ্টা ঘুমাতে পেরেছিলেন।

“এটা অনেকটা সি-স’তে (খেলার সামগ্রী) ওঠানামার মতো। আপনি একবার ভাবছেন বড় জয় পেতে যাচ্ছেন, আবার দেখছেন ব্যবধান কমে আসছে,” বলেছেন এ বাইডেন সমর্থক।

পেনসিলভেইনিয়ার ম্যাককনেলসবার্গের ৬৬ বছর বয়সী স্ট্যানলি কার্লিন ভোট দিয়েছেন হাতি (রিপাবলিকান) মার্কায়। এ আইনজীবী এখন নিজের রাজ্যে ডাকযোগে পড়া অসংখ্য ভোটের বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

“ওই ধরনের বেশিরভাগ ভোটই ফিলাডেলফিয়ার কেন্দ্রস্থলের এলাকার; আপনি ওখানকার লোকজনকে বিশ্বাস করতে পারবেন না,” বলেছেন পেনসিলভেইনিয়ার রিপাবলিকান পার্টির কমিটি সদস্য কার্লিন।

ভোটের ফল নিয়ে দুই পক্ষের মধ্যে সহিংসতা বেধে যেতে পারে বলে শঙ্কা পেনসিলভেইনিয়ার বেথেলেহেমের বাইডেন সমর্থক জুডি মোয়েরি।

“মনে হচ্ছে বাইডেনই জিতবেন। যদি তিনি জিতেও যান, তারপরও দেশ হিসেবে আমরা হেরে যাবো। যতটা ভেবেছিলাম, আমরা তার চেয়েও বেশি বিভক্ত,” বলেছেন ৬০ বছর বয়সী এ নারী।