যুক্তরাষ্ট্রের ভোটে ‘বিদেশি শক্তির হাত থাকার’ প্রমাণ নেই
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে ‘বিদেশি শক্তির হাত থাকার’ কোনও প্রমাণ এখনও নেই বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা চ্যাড উল্ফ।
অনলাইনে প্রকাশ পাওয়া এক সংবাদ সম্মেলনে উল্ফ বলেন, ‘‘আমরা এবারের নির্বাচনে বিদেশি কোনও শক্তির সমঝোতা বা হস্তক্ষেপের কোনও প্রামাণ বা ইঙ্গিত পাইনি।”
২০১৬ সালের নির্বাচনে ডনাল্ড ট্রাম্পকে জেতাতে রাশিয়া যুক্তরাষ্ট্রের পেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছিল বলে অভিযোগ আছে।
ট্রাম্প ও রাশিয়া উভয়ই ওই অভিযোগ অস্বীকার করেছে। এই অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের পর ট্রাম্পকে কংগ্রেসে তদন্তের মুখেও পড়তে হয়। কিন্তু যথেষ্ট প্রমাণের অভাবে উতরে যান ট্রাম্প।
এবারের নির্বাচনেও বিদেশি শক্তি বিশেষ করে রাশিয়া ও চীনের হস্তক্ষেপ নিয়ে অনেকই উদ্বেগ প্রকাশ করেছেন।
নির্বাচন ঘিরে রাশিয়া, চীন ও ইরানের হ্যাকারদের ঠেকাতে যুক্তরাষ্ট্র সরকার এবং দেশটির বেশ কয়েকটি প্রাইভেট সাইবারসিকিউরিটি ফার্ম নানা উদ্যোগ নিয়েছে।
তবে এসব উদ্যোগেও যান্ত্রিক ত্রুটি এড়ানো যায়নি। মঙ্গলবার ভোটের দিন জর্জিয়ার স্পলডিং কাউন্টিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। এ বিষয়ে নির্বাচন তদারককারী কর্মকর্তা মার্সিয়া রিডলি স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘‘সেখানে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট দেওয়া বন্ধ রাখতে হয়েছে।”
পরবর্তী পরিস্থিতি জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে রিডলির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
তবে স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, স্পলডিং কাউন্টির ভোট কেন্দ্রগুলোতে ‘প্রভিশনাল ব্যাটল’ পাঠানো হয়েছে। যাতে ভোটাররা ভোট দিতে পারেন।
এদিকে, ভোটের দিন কোথাও কোথাও অল্পস্বল্প বিশৃঙ্খলার খবর পেয়েছেন বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, ‘কোথাও কোথাও বিশৃঙ্খলার খবর আসছে। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা স্থিতিশীলই আছে।’’
তিনি এবং হোমল্যান্ড সিকিউরিটি প্রধান উল্ফ আমেরিকানদের ভোটের চূড়ান্ত ফলাফলের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন।
উল্ফ বলেন, ‘‘এবার যে প্রক্রিয়ায় ভোট হচ্ছে তাতে চূড়ান্ত ফল পেতে সময় লাগবে, এটা মেনে নেওয়া জরুরি।”
