২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে দুই সামরিক হেলিকপ্টার সংঘর্ষে নিহত ৯

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে আহত সেনাদের বহনকারী দুটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2020, 07:21 PM

Updated : 08 Apr 2022, 01:28 AM

নিহতরা সবাই হেলিকপ্টার দুটি’র আরোহী বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিবিসি জানায়, নাওয়া এলাকায় বুধবার সকালের দিকে যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাটিতে সম্প্রতি তালেবান জঙ্গি এবং আফগান সরকারি বাহিনীর মধ্যে তুমুল লড়াই হয়েছে।

জঙ্গিরা কাছের শহর লস্কর গহর উপকণ্ঠে লড়াই চালিয়ে আসছে। সেখানে তারা একটি এলাকার দখল এরই মধ্যে নিয়ে নিয়েছে।

গত সোমবার একটি বিদ্যুৎকেন্দ্রে তালেবান হামলায় হেলমান্দ এবং পার্শ্ববর্তী কান্দাহারের বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জায়গায় জায়গায় টেলিযোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হয়েছে।

কাতারে গতমাসে শান্তি আলোচনা শুরুর পর তালেবান জঙ্গিদের এটিই সবচেয়ে মারাত্মক হামলা। পাঁচ হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে, অনেকে পাশের এলাকাগুলোর বাড়িতে আশ্রয় নিয়েছে।

একটি পরিবার কেবল পরনের কাপড় পরেই লস্কর গহর নগরীর বাড়ি থেকে পালিয়ে আসার কথা বিবিসি’কে জানিয়েছে। নিরাপদে ঘুমানোর কোনও জায়গা পাবে কিনা তাও তাদের জানা নেই।

অন্যান্যরা বলেছে, তারা অনাহারে মারা যেতে পারে বলে আশঙ্কায় আছে। স্থানীয় হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, সেখানে বহু আহত মানুষকে ভর্তি করা হয়েছে।