২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের কোভিড আক্রান্তের খবর শুনে ভারতীয় ভক্তের মৃত্যু

ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তার পূজা করতে শুরু করেছিলেন ‍বুসসা কৃষ্ণ। সেই প্রিয় নেতার কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর শুনে ভীষণ দুশ্চিন্তায় পড়ে শেষে নিজেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ভারতীয় এই ট্রাম্পভক্ত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Oct 2020, 09:25 PM

Updated : 08 Apr 2022, 01:28 AM

ভারতের দক্ষিণের রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা বুসসা দুই সপ্তাহ আগে নিজ গ্রাম থেকে বাবা-মায়ের গ্রামে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। গত রোববার সেখানেই তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।

বুসসা চার বছর আগে ট্রাম্পকে স্বপ্নে দেখার পর নিজ বাড়িতে তার বড় একটি মূর্তি গড়ে পূজা শুরু করেন। কয়েকদিন আগে নিজের ফেইসবুক একাউন্টে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেখানে তাকে অশ্রুসিক্ত নয়নে ট্রাম্পের সুস্থতা কামনা করতে দেখা যায়।

বুসসার এক বন্ধু টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘‘ট্রাম্প ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত কয়েকদিন ধরে বুসসা খুবই মুষড়ে পড়েছিলেন।”

‘‘প্রিয় মানুষটির সঙ্গে দেখা হওয়ার আগেই তার মৃত্যু হল, এটি খুবই দুঃখজনক। গত ফেব্রুয়ারিতে ট্রাম্প যখন ভারতে এসেছিলেন তখন বুসসা তার সঙ্গে দেখা করার ‍অনেক চেষ্টা করেন। কিন্তু তাদের দেখা হয়নি।”

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ পত্রিকাকে বুসসার চাচাতো ভাই বি বিবেক বলেছেন, ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর শোনার পর থেকেই কৃষ্ণ মারাত্মক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। ঠিকঠাক খাওয়া-দাওয়াও করতেন না।

গত রোববার রোজকার মতোই কৃষ্ণ সকালে উঠে চা পান করেছিলেন। তারপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে কৃষ্ণর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।