২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার ফাঁকি ধরা পড়ল প্রামাণ্যচিত্রে

উত্তর কোরিয়া জাতিসংঘ নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে কোরিয়ান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের (কেএফএ) মাধ্যমে কীভাবে অস্ত্র বিক্রির চেষ্টা করছে তা উঠে এসেছে নতুন এক প্রামাণ্যচিত্রে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2020, 01:54 AM

Updated : 25 Jul 2022, 07:06 PM

বিবিসি জানায়, ‘দ্য মোল’ নামের এ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন ডেনমার্কের স্বাধীনচেতা চলচ্চিত্র নির্মাতা ম্যাডস ব্রাগার। মূলত ‘স্টিং অপারেশন’ চালিয়ে এ প্রামাণ্যচিত্র তৈরি করা হয়েছে।

উত্তর কোরিয়া কীভাবে আন্তর্জাতিক আইন অবজ্ঞা করছে তা তুলে আনতে তিন বছর ধরে এই জটিল ‘স্ট্রিং অপারেশন’ চালিয়েছেন বলে দাবি করেছেন ব্রাগার।

২০১৬ সালে ড্যানিশ এই চিত্র নির্মাতা দুইজন অভিনেতাকে নেন এই অভিযান চালানোর জন্য। যারা ছদ্মবেশে উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র এবং মাদকের উপাদান কেনার ভান করবেন।

পরের তিনবছরে এই ছদ্মবেশী দুই অভিনেতাই উত্তর কোরিয়ার কর্মকর্তা এবং বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে ভুয়া সব চুক্তি সই করতে গোটা বিশ্ব চষে বেড়িয়েছেন।

তাদের এই পথ পরিক্রমা গোপনে ক্যামেরায় ধারণ করে তিন পর্বের ‘দ্য মোল’ প্রামাণ্যচিত্র তৈরি করেছেন ব্রাগার। গত রোববার এটি প্রকাশ পেয়েছে।

প্রামাণ্যচিত্রের ঘটনা আবর্তিত হয়েছে এক বেকার ড্যানিশ রাঁধুনি উলরিখ লারসেনকে ঘিরে।  যিনি ১০ বছর ধরে উত্তর কোরিয়ার জাতিসংঘ নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার বিষয়টি প্রমাণের চেষ্টায় লেগে ছিলেন।

উত্তর কোরিয়া তাদের বেপরোয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকেই জাতিসংঘের নিষেধাজ্ঞার কবলে আছে।

জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল ২০১০ সাল থেকে উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির অগ্রগতি ও অস্ত্র পরীক্ষার ওপর নজর রাখছে এবং এ বিষয়ে নিয়মিত প্রতিবেদনও দিচ্ছে।

তবে প্রামাণ্যচিত্রে যা দেখা গেছে তা নজিরবিহীন। এতে উত্তর কোরিয়ার কর্মকর্তাদেরকে অস্ত্র রপ্তানি করার ক্ষেত্রে জাতিসংঘ নিষেধাজ্ঞা কীভাবে এড়ানো যায় তা নিয়ে আলোচনা করতে দেখা গেছে। আরও দেখা গেছে, ভুয়া অস্ত্র চুক্তি সই করতে।

এই চুক্তি সইয়ের নেপথ্যে মূল ভূমিকা রেখেছেন ড্যানিশ রাঁধুনি লারসেন। তিনি গুপ্তচরের ভূমিকা নিয়ে স্পেনে কোরিয়ান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনে (কেএফএ) ঢুকে যেতে সক্ষম হন এবং তারপর ধীরে ধীরে উপরের পদে গিয়ে শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তাদের আস্থাভাজন হয়ে উঠেন।

এই লারসেনই পরে ড্যানিশ চিত্রনির্মাতা ম্যাডস ব্রাগারের দলের এক অভিনেতা ‘জেমস’ কে দিয়ে ভুয়া অস্ত্র চুক্তি সই করান।

জেমস চরিত্রের এই অভিনেতা একজন বিনিয়োগকারীর ছদ্মবেশে উত্তর কোরিয়ার সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে দেশটির অস্ত্র কোম্পানির প্রতিনিধির সঙ্গে চুক্তি সই করেন।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের একটি শহরতলীর রেস্তোঁরার বেজমেন্টে এই চুক্তি সই হয়েছিল। চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে যে নর্থ কোরীয়রা ছিলেন, তাদের সবাইকে ঠিকমত শনাক্ত করা যায়নি।

তবে পরে ওই ঘটনার কথা স্মরণ করে অভিনেতা ‘জেমস’ ওরফে জিম লাত্রাশ-কুভোরট্রাপ হেসে দিয়ে বলেন, উত্তর কোরিয়ার এক কর্মকর্তার প্রশ্নের মুখে তাকে একটি কোম্পানির নাম বানিয়ে বলতে হয়েছিল।

দলিলে যার স্বাক্ষর রয়েছে তিনি হলেন নারায়ে ট্রেডিং অর্গানাইজেশনের প্রেসিডেন্ট কিম রিয়ং-চল।

জাতিসংঘের বিশেষজ্ঞদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বলা হয়েছে, এই কোম্পানি নিষেধাজ্ঞা এড়ানোর নানা কর্মকান্ডে জড়িত এবং উত্তর কারিয়ার নিষিদ্ধ কর্মকান্ডে সমর্থন দিয়ে কোম্পানিটি রাজস্ব আয় করে থাকে।

জেমসের সঙ্গে অস্ত্র চুক্তি সই এবং তাতে নারায়ে ট্রেডিং এর প্রেসিডেন্টের সই একথাই বলে দিচ্ছে যে, অনুষ্ঠানে উপস্থিত কোরীয়রা এমন একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তি সই করতেও রাজি ছিল যাদের সম্পর্কে তারা কিছুই জানে না, বলেছেন সাবেক জাতিসংঘ কর্মকর্তা গ্রিফিথস।

"এতে বোঝা যায়, জাতিসংঘ নিষেধাজ্ঞায় কাজ হচ্ছে। উত্তর কোরীয়রা অস্ত্র বিক্রি করার জন্য মরিয়া হয়ে উঠেছে", বলেন তিনি।