২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ৯০ লাখ লোকের করোনাভাইরাস পরীক্ষা হবে ৫ দিনে

পাঁচ দিনের মধ্যে ৯০ লাখ বাসিন্দার সবার করোনাভাইরাস পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে চীনের একটি শহরের কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2020, 02:52 PM

Updated : 08 Apr 2022, 01:28 AM

বিদেশ থেকে আসা রোগীদের করোনাভাইরাস চিকিৎসায় নিয়োজিত স্থানীয় একটি হাসপাতাল থেকে এক ডজন লোকের মধ্য ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর এই গণপরীক্ষার উদ্যোগ নিয়েছে শ্যানদং প্রদেশের বন্দর শহর ছিংদাওয়ের কর্তৃপক্ষ।

চীনের সামাজিক গণমাধ্যম সাইট উইবোতে পোস্ট করা এক বিবৃতিতে ছিংদাও নগর স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে ছয় জন করোনাভাইরাস আক্রান্তের খোঁজ পাওয়ার পর ভাইরাসটির ছয় বাহককেও শনাক্ত করা হয়েছে।

এই ঘটনাগুলো সব ওই করোনাভাইরাস হাসপাতালের সঙ্গে সম্পর্কিত বলে গ্লোবাল টাইমস জানিয়েছে।

শহরব্যাপী পরীক্ষা কর্মসূচী শুরু করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ছিংদাওয়ের স্বাস্থ্য কমিশন। তিন দিনে নগরীর পাঁচটি এলাকার বাসিন্দাদের পরীক্ষা শেষ করার পর পাঁচ দিনে পুরো শহরের সব বাসিন্দার পরীক্ষা শেষ করা হবে বলে জানিয়েছে তারা।

গ্লোবাল টাইমস জানিয়েছে, অনলাইনে আসা ভিডিওতে পরীক্ষার জন্য রোববার রাতে স্থানীয় বাসিন্দাদের লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কিছু পরীক্ষা কেন্দ্র সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে বলেও জানিয়েছে তারা।

চীনের ‘সোনালি সপ্তাহ’ ছুটির দিনের এক সপ্তাহ পর ছিংদাওয়ে নতুন এই করোনাভাইরাস রোগীদের পাওয়া গেল। ছুটির ওই সপ্তাহটিতে লাখ লাখ লোক দেশজুড়ে ভ্রমণ করেছে।

ছিংদাও নগরের সংস্কৃতি ও পর্যটন ব্যুরো জানিয়েছে, ওই সময়টিতে ৪৪ লাখ ৭০ হাজার যাত্রী তাদের শহরে ভ্রমণে এসেছিল।      

মে মামে চীন উহান শহর কর্তৃপক্ষ এক কোটি ১০ লাখ বাসিন্দার সবার করোনাভাইরাস পরীক্ষা করেছিল। এই উহানকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারীটির উৎসস্থল হিসেবে বিবেচনা করা হয়।